প্রয়াত নাগাল্যান্ডের রাজ্যপাল
প্রয়াত হলেন নাগাল্যান্ডের রাজ্যপাল লা গণেশন! একসময় সামলেছিলেন পশ্চিম বাংলার দায়িত্বও। বয়স হয়েছিল ৮০ বছর। শুক্রবার চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কয়েক দিনে আগে পড়ে গিয়ে তিনি গুরুতর চোট পেয়েছিলেন। দ্রুত হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হল না। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
২০২২ সালে বাংলার অতিরিক্ত দায়িত্ব সামলান গণেশন। এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার পরই রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনখড়। তাঁর পদত্যাগের পর লা গণেশন অস্থায়ী রাজ্যপাল হিসেবে বঙ্গের রাজ্যপাল হিসেবে শপথ নেন। বরর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস দায়িত্ব গ্রহণের আগে পর্যন্ত কলকাতায় রাজভবনে ছিলেন গণেশন। ২০২১ সালের ২২ আগস্ট মণিপুরের রাজ্যপাল হিসেবে শপথ নেন গণেশন। ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সেই পদে ছিলেন তিনি। এরপর ২০ ফেব্রুয়ারি নাগাল্যান্ডের রাজ্যপাল হন। এছাড়াও তিনি ছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ। সামলেছেন বিজেপির দায়িত্বও। ছিলেন দলের জাতীয় সম্পাদক এবং সহ-সভাপতি।








