কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কাকদ্বীপ: দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ মহকুমা হাসপাতালে বৃহস্পতিবার একটি অত্যাধুনিক সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন করা হয়েছে। কাকদ্বীপের বিধায়ক ও মন্ত্রী দীপঙ্কর জানা এই নতুন ইউনিটের আনুষ্ঠানিক সূচনা করেন। বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠনের পরে স্বাস্থ্য পরিষেবায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। দীর্ঘদিন ধরেই কাকদ্বীপ ও সংলগ্ন সুন্দরবন এলাকার বহু রোগীকে সিটি স্ক্যান করানোর জন্য দূরবর্তী হাসপাতালে যেতে হতো। এতে যেমন সময় নষ্ট হতো, তেমনই আর্থিক ও শারীরিক ভোগান্তির শিকার হতেন রোগী ও তাঁদের পরিবার। নতুন এই সিটি স্ক্যান ইউনিট চালু হওয়ার ফলে এখন থেকে স্থানীয় মানুষজন নিজেদের এলাকাতেই দ্রুত ও উন্নত মানের রোগ নির্ণয়ের সুবিধা পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জানান, স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য। সেই লক্ষ্য পূরণের পথে কাকদীপ মহকুমা হাসপাতালে এই নতুন সিটি স্ক্যান ইউনিট সংযোজন একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। চিকিৎসকদের মতে, সিটি স্ক্যান বর্তমানে বহু জটিল রোগ নির্ণয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্ঘটনা, মস্তিষ্কের সমস্যা, ফুসফুসের রোগ, অভ্যন্তরীণ আঘাতসহ নানা রোগ দ্রুত চিহ্নিত করতে এই প্রযুক্তি বিশেষভাবে কার্যকর। ফলে রোগ নির্ণয়ের গতি যেমন বাড়বে, তেমনই দ্রুত চিকিৎসা শুরু করাও সম্ভব হবে।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, এতদিন যে পরিষেবার জন্য কলকাতা বা অন্যান্য দূরবর্তী কেন্দ্রে যেতে হতো, এখন তা নিজের মহকুমা হাসপাতালেই পাওয়া যাবে। এর ফলে সময় ও অর্থ— দুইয়েরই সাশ্রয় হবে। স্বাস্থ্য পরিষেবাকে আরও জনমুখী ও সহজলভ্য করে তুলতে ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল। মন্ত্রী দীপঙ্কর জানা নিজেও এই উদ্বোধনের মধ্য দিয়ে সুন্দরবন লাগোয়া এলাকায় আধুনিক স্বাস্থ্য পরিকাঠামো পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।








