অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: রাজ্যের ক্ষমতায় আসার এক মাস পূর্ণ হওয়ার আগেই বিজেপি নেতৃত্বাধীন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভোটপূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা যোজনার আওতায় উপভোক্তাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা দেওয়ার কাজের সূচনা করলেন। বুধবার দুপুরে নবান্ন থেকে ভার্চুয়ালি এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রায় ২৮ লক্ষ উপভোক্তাকে অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ধাপে ধাপে আগামী তিন মাসের মধ্যে লক্ষ্মী ভাণ্ডারের বাকি যোগ্য উপভোক্তাদের যাচাই করে তাদেরও এই যোজনায় আনা হবে।
এদিন এই উপলক্ষে প্রতিটি ব্লক, পুরসভা ও কলকাতা কর্পোরেশনের ১০০ জন করে উপভোক্তার হাতে অন্নপূর্ণা যোজনার সার্টিফিকেট তুলে দেওয়া হয়। জয়নগর ১ নম্বর ব্লকের বিডিও অফিসের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে উপভোক্তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন বারুইপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট পারমিতা শীল চক্রবর্তী, জয়নগর ১ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও বিদ্যুত খাঁ ও অপূর্ব কর্মকার সহ একাধিক আধিকারিক। একইভাবে জয়নগর ২ নম্বর বিডিও অফিসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট অনির্বাণ বসু, জয়নগর ২ নম্বর বিডিও প্রসেনজিৎ ভট্টাচার্য, জয়েন্ট বিডিও কৌশিক সাহা প্রমুখ। এছাড়া জয়নগর মজিলপুর পৌরসভার আমন্ত্রণ কমপ্লেক্সে পৌর আধিকারিকদের উপস্থিতিতে অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের হাতে সার্টিফিকেট দেওয়া হয়। স্বল্প সময়ের মধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা ও সার্টিফিকেট পেয়ে খুশি উপভোক্তারা। তবে এই বিষয়ে বিরোধী দলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।








