নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্রপুর: নরেন্দ্রপুর থানার গড়িয়া এলাকার আদর্শনগর থেকে আগ্নেয়াস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলেন পিন্টু বাগ ও লক্ষণ সিং ওরফে গোপাল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকায় ওই দু’জন দুষ্কৃতী হিসেবে পরিচিত। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে নরেন্দ্রপুর থানার পুলিশ তল্লাশি অভিযান চালায়। অভিযানে ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।
পুলিশ জানিয়েছে, ধৃত পিন্টু বাগ একটি পুরনো খুনের মামলার সঙ্গেও যুক্ত ছিল। ধৃতদের বিরুদ্ধে আর্মস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে। বুধবার তাদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে এসেছে, কীভাবে তাদের কাছে পৌঁছেছে এবং অতীতে কোনো অপরাধমূলক ঘটনায় তা ব্যবহার করা হয়েছে কি না— সেই বিষয়গুলো খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ।








