ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি
নতুন পয়গাম: পশ্চিম মেদিনীপুর জেলার সবকুইয়ে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন এসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হল ক্বেরাত কনফারেন্স, ইসলাহী মুয়াশারাহ ও সম্প্রীতি সভা। ধর্মীয় শিক্ষা, সামাজিক সম্প্রীতি ও ইমামদের মর্যাদা প্রতিষ্ঠার বার্তা নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি মাওলানা জিয়াউল হক লস্কর, সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস-সহ বিভিন্ন জেলার দায়িত্বশীলগণ। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ইমামদের সর্বোচ্চ সাম্মানিক প্রদানকারী মসজিদ কমিটিগুলিকে সংবর্ধনা প্রদান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গড়বেতা ১ নম্বর ব্লকের আঁকাড়িয়া জুম্মা মসজিদ কমিটি তাদের ইমাম মাওলানা হাফিজুর রহমানকে প্রতি মাসে ৩১ হাজার টাকা বেতন প্রদান করছে, যা বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলার ইমামদের মধ্যে সর্বোচ্চ।

ইমামদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় দৃষ্টান্তমূলক ভূমিকার স্বীকৃতি হিসেবে ওই মসজিদ কমিটিকে বিশেষ সম্মান জানানো হয়। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস বলেন, ইমামরা সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাই তাঁদের এমন সাম্মানিক দেওয়া উচিত, যাতে তাঁরা স্বচ্ছল ও মর্যাদাপূর্ণভাবে জীবনযাপন করে নিষ্ঠার সঙ্গে মসজিদের দায়িত্ব পালন করতে পারেন। আগামী দিনে রাজ্যের বিভিন্ন জেলায় এ ধরনের সংবর্ধনা কর্মসূচি চালু থাকবে বলেও তিনি জানান।
এছাড়াও বক্তব্য রাখেন হুগলি জেলা সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক হাফেজ মুশতাক আহমেদ, পশ্চিম মেদিনীপুর জেলা জমিয়ত সভাপতি মুফতি ইব্রাহিম কাসেমী, জেলা জমিয়ত সম্পাদক ক্বারী তৈয়ব, ক্বারী হেদায়েতুল্লাহ, ঝাড়গ্রাম জেলা সম্পাদক হাফেজ জাকির হোসেন, পুরুলিয়া জেলা সম্পাদক মাওলানা আব্বাস আনসারী, পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মাওলানা আব্দুল খালেক প্রমুখ।








