স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা
নতুন পয়গাম, প্রীতিময় সরখেল, ধূপগুড়ি: ডুয়ার্স জুড়ে শনিবার ভোর থেকে আতঙ্ক ছড়িয়েছে একাধিক হাতির দলের অবাধ বিচরণে। শহর থেকে চা বাগান, এমনকি স্কুলের ভেতরেও ঢুকে পড়েছে শাবকসহ হাতির দল। একদিকে বনকর্মীদের তৎপরতা, অন্যদিকে জীবনের ঝুঁকি নিয়ে হাতির পিছু ধাওয়া করছেন কিছু গ্রামবাসী। কোথাও আবার হাতির দিকে পাথর ছোড়ার ঘটনাও দেখা গিয়েছে। শনিবার সকালে ধূপগুড়ি মহকুমার গয়েরকাটা এলাকার তেলিপাড়ায় একটি স্কুল চত্বরে ঢুকে পড়ে হাতির একটি দল। একই সময়ে হলদিবাড়ি চা বাগান এলাকায় রাস্তার উপর প্রায় ৫০টিরও বেশি হাতির একটি বড় দলকে ঘোরাফেরা করতে দেখা যায়। ওই দলে বেশ কয়েকটি শাবকও ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, হাতির দলের পিছনে কিছু যুবককে তাড়া করতে দেখা যায়। কেউ কেউ আবার হাতির সঙ্গে সেলফি তুলতেও ব্যস্ত হয়ে পড়েন, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বনকর্মীরা।
এদিকে হলদিবাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে ধূপগুড়ি শহর সংলগ্ন মাগুরমারী এলাকায় দুটি হাতি ঢুকে পড়ায় নতুন করে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াড, মরাঘাট রেঞ্জ এবং নাথুয়া রেঞ্জের বনকর্মীরা। তবে ঘন জনবসতির কারণে আপাতত হাতিগুলিকে জঙ্গলে ফেরানোর কোনও ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে না বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে। বনদপ্তরের আধিকারিকরা স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে পর্যাপ্ত কর্মী নিয়োগ না হওয়ায় বহু পদ শূন্য পড়ে রয়েছে। ফলে একসঙ্গে একাধিক এলাকায় হাতির দল বেরিয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সমস্যা হচ্ছে। তবুও সীমিত জনবল নিয়েই বনকর্মীরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, এই প্রথম তাদের গ্রাম এবং স্কুলের ভেতরে হাতির দল ঢুকে পড়েছে। তাঁদের মতে, জঙ্গলে খাদ্যের অভাব এবং অবাধ বৃক্ষচ্ছেদের ফলেই হাতিরা লোকালয়ে চলে আসছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, হাতির বড় দলটি হলদিবাড়ি চা বাগান সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করছিল। পাশাপাশি মাগুরমারী ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি ঝোপের মধ্যে আশ্রয় নিয়েছে দুটি হাতি। পরিস্থিতির উপর কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ ও বনদপ্তর।








