চাকবেড়িয়ায় বুদ্ধিজীবী সেমিনার: প্রান্তিক ও সংখ্যালঘুদের নানা সমস্যা নিয়ে আলোচনা
নতুন পয়গাম, এস রোজলিন, চাকবেড়িয়া: চাকবেড়িয়ার মকরমপুরে অবস্থিত ‘শিশু বিকাশ একাডেমি’ কলেজ কনফারেন্স হলে বৃহস্পতিবার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যু নিয়ে এক আলোচনাচক্র অনুষ্ঠিত হলো। বুদ্ধিজীবীদের উপস্থিতিতে আয়োজিত এই সেমিনারে প্রান্তিক ও সংখ্যালঘু জনগোষ্ঠীর নানা সমস্যা, বৈষম্য এবং আগামীর করণীয় নিয়ে বিশদ আলোচনা হয়। বিদ্যালয়টির কর্ণধার মুন্সি আবুল কাশেমের ব্যবস্থাপনায়, মাও মোজাফফর হোসেনের সভাপতিত্বে এবং শিক্ষক আব্দুর রউফের সঞ্চালনায় সেমিনারটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের সাধারণ সম্পাদক প্রফেসর ড. জাহান আলী পুরকাইত উদ্বোধনী বক্তব্যে বিদ্যমান নানা সমস্যা পর্যালোচনা করেন।
চীফ পেট্রন মাওলানা আনোয়ার হোসেন কাসেমী সংখ্যালঘুদের ভবিষ্যৎ পথচলার নীতি নিয়ে একটি রূপরেখা উপস্থাপন করেন। প্রাক্তন শিক্ষা অধিদপ্তরের পরিচালক নজরুল হক সেপাই দাবি করেন, প্রান্তিক ও সংখ্যালঘু মানুষজন বর্তমানে নানা বৈষম্যের শিকার হচ্ছেন। বিশিষ্ট অতিথি ইমতিয়াজ মোল্লা পরিবর্তিত পরিস্থিতিতে করণীয় বিষয়ে বক্তব্য রাখেন। সহ-সভাপতি এ কে এম গোলাম মুর্তজা সংগঠনের আগামী পরিকল্পনা ও কর্মসূচি ব্যাখ্যা করেন। রেভারেন্ড শ্যামল ঘড়ুই সব ধর্মের মানুষ ও ধর্মস্থানের নিরাপত্তার প্রসঙ্গ তুলে ধরেন।
শিক্ষারত্ন প্রাপক মাও মোফাক্কার হোসেন মল্লিক ভারতের স্বাধীনতার ইতিহাস প্রসঙ্গে বলেন, এই দেশ হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবার। প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুর রশিদ মোল্লা যুক্তিনির্ভর বক্তব্য পেশ করেন। বিশিষ্ট আইনজীবী আনিসুর রহমান মুসলমানদের যন্ত্রণা ও বৈষম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, আগামী দিন আরও ভয়াবহ হতে চলেছে। সেমিনারে আরও উপস্থিত ছিলেন— মঞ্জু ম্যাডাম, শিক্ষিকা আফিফা, সুপারভাইজার ইউসুফ মল্লিক, শিক্ষক সাবির হোসেন, মাও নুরুল ইসলাম, মাও আবুল কালাম, মাও আবদুল্লাহ, শান্তনু মন্ডল, শিক্ষক রুহুল আমিন, সাংবাদিক জাইদুল হক, সমাজকর্মী আবদুর রহমান, মহিলা সমাজসেবী বিলকিস বেগম, শিক্ষক আবদুল অদুদ, রেজাউল ইসলাম প্রমুখ। পরিশেষে সুন্দর পরিবেশ ও আতিথেয়তার জন্য সংগঠনের পক্ষ থেকে শিশু বিকাশ একাডেমির কর্ণধার মুন্সি আবুল কাশেম সাহেবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।








