সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায়
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলি: চুঁচুড়া বলরাম গলির বাসিন্দা সঞ্জীব শর্মার বাড়িতে প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ উঠল। জানা গেছে, সঞ্জীব শর্মা একজন সেনা কর্মী।বর্তমানে তার পোস্টিং হরিদ্বারে। চুরির সময় তিনি কর্মস্থলে ছিলেন। তাঁর স্ত্রী গত ১১ মে পারিবারিক বিয়ের অনুষ্ঠানে ছোট বাচ্চাকে নিয়ে উত্তরপ্রদেশে গিয়েছিলেন। ফাঁকা বাড়ি তালা দেওয়াই ছিল। প্রতিবেশীদের থেকে সেনা কর্মী জানতে পারেন তার বাড়িতে তালা ভেঙে চুরি হয়েছে। মঙ্গলবার সেনাকর্মী যখন বাড়ি ফেরেন তখন দেখেন দরজায় তালা ভাঙা। ভিতরে আলমারি খোলা। সব জিনিস পত্র ছড়ানো। সেনা কর্মীর দাবি প্রায় দশ লক্ষ টাকা মূল্যের সোনা ও রুপার গহনা চুরি হয়েছে। বাচ্চার স্কুলে ভর্তির জন্য পঞ্চাশ হাজার টাকা ছিল তাও চুরি হয়েছে। এই ঘটনায় চুঁচুড়া থানায় অভিযোগ জানিয়েছেন সেনা কর্মি। তিনি বলেন তাঁর পরিবার বর্তমানে নিরাপত্তা হীনতায় রয়েছে। এদিকে সিসি ক্যামেরার ছবি দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।








