রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা যাত্রীরা
নতুন পয়গাম, নয়াদিল্লি, ১৭ মে: সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তিরুবনন্তপুরম-দিল্লি রাজধানী এক্সপ্রেসে। ট্রেনের একটি কোচে হঠাৎ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় যাত্রীদের মধ্যে। তবে অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটে রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ। নির্ধারিত সময়েই কেরলের তিরুবনন্তপুরম থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল রাজধানী এক্সপ্রেস। মধ্যপ্রদেশের লুনি রিছা এবং বিক্রমগড় আলোট স্টেশনের মধ্যবর্তী এলাকায় পৌঁছনোর পর হঠাৎই ট্রেনের বি-১ কোচ থেকে কালো ধোঁয়া বেরতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা কোচে।
আগুন দেখতে পেয়েই আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়ে যায় যাত্রীদের মধ্যে। ট্রেনের ভিতর চিৎকার ও কান্নার রোল ওঠে। কিছু যাত্রী জানলা দিয়ে লাফ দেওয়ার চেষ্টা করেন, অন্যরা দৌড়ে নিরাপদ কোচে আশ্রয় নেন। ঘটনার খবর পেয়ে ট্রেনের চালক তড়িঘড়ি ট্রেন থামান। রেলকর্মী ও স্থানীয় প্রশাসন দ্রুত উদ্ধারকাজ শুরু করে। যাত্রীদের নিরাপদে নামিয়ে অন্য কোচে সরিয়ে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ)। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে বি-১ কোচ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, আগুন এতটাই ভয়াবহ ছিল যে অনেক যাত্রী মোবাইল ফোন ও লাগেজ ফেলে রেখে প্রাণ বাঁচাতে ছুটেছেন।
প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে বলে অনুমান করছে রেল কর্তৃপক্ষ। তবে বৈদ্যুতিক গোলযোগ, যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণ—সেটি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার জেরে ওই ট্রেনটির যাত্রা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে অন্য একটি ট্রেনের ব্যবস্থা করে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। সৌভাগ্যের বিষয়, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সময়মতো ট্রেন থামানো ও দ্রুত উদ্ধারকাজ শুরু করায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। তবে ঘটনাটি আবারও প্রশ্ন তুলেছে ট্রেনযাত্রীদের নিরাপত্তা নিয়ে। কেরল থেকে দিল্লির মতো দীর্ঘ পথের ট্রেনে কেন আগুন লাগল—তার জবাব খুঁজছে রেল মন্ত্রক ও তদন্তকারী সংস্থা।








