গড়িয়ায় বিজেপি কর্মীকে কাটারির কোপ, ধৃত এক তৃণমূল কর্মী
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, গড়িয়া, ১৭ মে: বিধানসভা ভোট পর্ব মিটে গেলেও রাজ্যে থামছে না ভোটপরবর্তী হিংসা। কলকাতার মানিকতলা, বেলেঘাটার পর এবার গড়িয়ায় প্রকাশ্য রাস্তায় এক বিজেপি কর্মীর উপর কাটারি নিয়ে চড়াও হলেন স্থানীয় এক তৃণমূল কর্মী। কাটারির কোপে গুরুতর জখম হয়েছেন ওই বিজেপি কর্মী। আহতের নাম অনির্বাণ মুখোপাধ্যায়। কাটারির কোপে তাঁর ডান হাতের কয়েকটি আঙুল কেটে গিয়েছে। শনিবার দুপুরে গড়িয়ার মহুয়া সিনেমা হলের উল্টোদিকের গলি দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন অনির্বাণ। সেই সময় পিছন থেকে অতর্কিতভাবে হামলা চালায় অভিযুক্ত সুদীপ দাস ওরফে বুড়ো। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ও আহত যুবকের মধ্যে পুরনো শত্রুতা রয়েছে। বিধানসভা নির্বাচন চলাকালীন নিজেদের রাজনৈতিক মতাদর্শ আলাদা হওয়ায় সেই শত্রুতা আরও প্রকট আকার নেয়।
হামলার ঘটনায় আহত ব্যক্তি আর্তনাদ শুরু করলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করান। রবিবার পর্যন্ত তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাটুলি থানার পুলিশ। শনিবার রাতেই অভিযুক্ত সুদীপ দাসকে গ্রেফতার করা হয়। রবিবার তাঁকে আদালতে পেশ করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।








