নাবালিকাকে অপহরণের অভিযোগে গ্রেফতার যুবক
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর, ১৭ মে: এক নাবালিকাকে প্রেমের জালে ফাঁসিয়ে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল জয়নগর থানার পুলিশ। শনিবার রাতে হুগলি জেলার শ্রীরামপুর থেকে ধৃত যুবককে আনা হয় জয়নগর থানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রায়দীঘি থানা এলাকার ওই যুবকের সঙ্গে একই এলাকার এক নাবালিকার ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কয়েক মাস ধরে চলে এই সম্পর্ক। নাবালিকার বাড়ির লোকজন বিষয়টি জানতে পেরে মেয়েটিকে জয়নগর থানার শান্তিপুরে তাঁর মামার বাড়িতে পাঠিয়ে দেন। কিন্তু সেখানেও যুবকের সঙ্গে নাবালিকার যোগাযোগ বাড়তে থাকে। এরপর একপর্যায়ে বিয়ে করবে বলে ওই যুবক নাবালিকাকে নিয়ে হুগলি পালিয়ে যায়।
নাবালিকার পরিবারের তরফে জয়নগর থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে। মোবাইল ফোনের লোকেশন ট্র্যাকিং করে হুগলির শ্রীরামপুর থেকে যুবককে গ্রেফতার করা হয়। ধৃত যুবকের নাম রাজা বৈদ্য (২৩)। তাঁর বাড়ি রায়দীঘি থানা এলাকায়। রবিবার তাকে জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। অপরদিকে উদ্ধার হওয়া নাবালিকাকে সরকারি হোমে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।








