অস্ত্র দেখিয়ে কয়লা কারবারিদের তোলাবাজি, জামুড়িয়ায় গ্রেফতার ২, চাঞ্চল্য শিল্পাঞ্চলে
নতুন পয়গাম, জামুড়িয়া, ১৬ মে: পূর্ব বর্ধমানের জামুড়িয়া এলাকায় কয়লা কারবারিদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে তোলাবাজির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। ধৃতদের কাছ থেকে একটি পিস্তল, ৫০ রাউন্ড কার্তুজ, নগদ ৮৪ হাজার টাকা ও একটি গাড়ি উদ্ধার হয়েছে। এই ঘটনায় পুরো শিল্পাঞ্চল জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম মুন্না সিং (৩২) ও বিজয় সিং (৩৮)। মুন্না সিংয়ের বাড়ি অন্ডাল থানার শঙ্করপুর কোলিয়ারি এলাকায়। বিজয় সিং অন্ডাল থানার গাইঘাটা হরিপুরের বাসিন্দা।
গত কয়েকদিন ধরেই পুলিশের কাছে অভিযোগ আসছিল যে রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতী ইসিএলের বিভিন্ন বৈধ কয়লা ডিপো এবং ডিও কয়লা বোঝাই গাড়ির চালক ও ব্যবসায়ীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করছে। অভিযোগের ভিত্তিতেই জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালায়। অভিযানে হাতেনাতে দুই অভিযুক্তকে অস্ত্র ও গাড়ি সহ গ্রেফতার করা হয়। পুলিশের এক আধিকারিক শুক্রবার জানিয়েছেন, ধৃতদের কাছ থেকে একটি পিস্তল, ৫০ রাউন্ড কার্তুজ, নগদ ৮৪ হাজার টাকা ও একটি চারচাকা গাড়ি উদ্ধার হয়েছে। ধৃতদের শুক্রবার সকালে আসানসোল আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
পুলিশের ওই আধিকারিক আরও জানান, এই তোলাবাজি চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে এবং চক্রের মূল মাথাদের খোঁজে ধৃতদের পুলিশি হেফাজতে জেরা করে জানার চেষ্টা করা হবে। এলাকায় আপাতত পরিস্থিতি শান্ত থাকলেও কয়লা ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক কাজ করছে বলে জানা গিয়েছে।








