বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়িতে পুলিশি হানা
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বিষ্ণুপুর: গত ১১ মে বিজয় র্যালিতে দেওয়া এক বক্তৃতার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ওই ভিডিওতে তিনি বিজেপি কর্মীদের উদ্দেশে হুমকি মূলক মন্তব্য করেন। ঘটনার পর তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য ও হুমকির অভিযোগ এনেছে পুলিশ। ভিডিওতে দিলীপ মণ্ডলকে বলতে শোনা যায়, “অনেক সংযম দেখিয়েছি আমরা। ১৫ বছর শান্তিতে রেখেছিলাম। আর হবে না। আমার চোখে চোখ রেখে কেউ তাকাতে পারে না। তাদের শিক্ষা না দেওয়া পর্যন্ত আমি থামব না।” এমনকি “পুলিশকে দেখে নেব” বলে হুমকি দেয়– এই ঘটনায় তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা সহ একাধিক মামলা রুজু হয়েছে।
দিলীপ মণ্ডল দীর্ঘদিন ধরে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর কেন্দ্রের বিধায়ক। তিনি টানা ২০১১ সাল থেকে এই আসনটি ধরে রেখেছেন। রাজ্যের প্রাক্তন পরিবহণ প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি বিজেপি প্রার্থী অভিজিৎ সরদারকে ৩৬,৯২৫ ভোটের ব্যবধানে পরাজিত করেন। এর আগেও তিনি বিতর্কের মুখে পড়েছেন। তবে সম্প্রতি এই হুমকির ভিডিও ও পুলিশি হানা নতুন করে আলোচনায় এনেছে তাকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিলীপ মণ্ডলের পৈলানের বাড়িটি দেখলে বোঝার উপায় নেই যে এটি একটি সাধারণ বাসস্থান। বরং তা যেন পাঁচতারা হোটেল। বিশাল এলাকা জুড়ে বিধায়কের এই বাসভবনে রয়েছে অপরূপ সৌন্দর্য। সেখানে রয়েছে একটি বড় সুইমিং পুল, নানা রঙের ফোয়ারা, সাজানো লনে দোলনা। আরও আছে বাগান, নানান বিদেশি গাড়ি, বহিরাগত পাখি ও প্রাণী। এই সম্পত্তির আভিজাত্য দেখে পুলিশও চমকে যায়। সংবাদ মাধ্যমে এই ছবি উঠে আসে, যা দেখে সকলের চক্ষু চড়কগাছ।
বিষ্ণুপুরের পৈলান এলাকায় এত বড় ও বিলাসবহুল বাড়ি বানাতে কত খরচ হয়েছে, তা সঠিকভাবে বলা কঠিন। তবে সম্পত্তি বিশেষজ্ঞরা বলছেন, জমি অধিগ্রহণ থেকে শুরু করে নির্মাণ ও সাজসজ্জা মিলিয়ে কম করে হলেও প্রায় ১০ থেকে ১৫ কোটি টাকা বা তারও বেশি খরচ হতে পারে। এই খরচের পরিমাণ থেকেই প্রশ্ন উঠছে, এত টাকা এলেন কোথায় থেকে? ইতিমধ্যেই সম্পত্তি ও দুর্নীতির অভিযোগও উঠতে শুরু করেছে। স্থানীয়সূত্রে জানা গেছে, পৈলানের এই বাড়িটি ছাড়াও তাঁর আরও বেশ কয়েকটি বাড়ি রয়েছে।
খবর লেখা পর্যন্ত, পুলিশের হাতে ধরা পড়েননি তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। সিসি টিভি ফুটেজে দেখা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়ির পেছনের দরজা দিয়ে তিনি বেরিয়ে যান। পুলিশ পৌঁছানোর কিছুক্ষণ আগেই তিনি বাড়ি ছেড়ে চলে যান। তবে ওই এলাকায় তাঁকে দেখা গেছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনার তদন্ত চলছে এবং পুলিশ তাঁর খোঁজ চালিয়ে যাচ্ছে।








