পুলিশ পর্যবেক্ষকদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ
নতুন পয়গাম, কলকাতা, ২৪ এপ্রিল: তৃণমূল কংগ্রেসের অভিযোগ ঘিরে নতুন করে উত্তাপ ছড়াল রাজ্য রাজনীতিতে। পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দলটি দ্বারস্থ হয়েছে নির্বাচন কমিশনের পাশাপাশি কলকাতা হাইকোর্ট-এর। সেই মামলায় শুক্রবার গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও, ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগের লিখিত জবাব জমা দিতে হবে কমিশনকে।
ডায়মন্ড হারবার, ফলতা এবং মগরাহাট এলাকার কয়েকজন পুলিশ পর্যবেক্ষকের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে তৃণমূলের দাবি, এদের একাংশ বিরোধী দলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে কাজ করছেন, যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী। এমনকি নির্দিষ্ট এক পর্যবেক্ষকের বিরুদ্ধে বিজেপি প্রার্থীদের সঙ্গে বৈঠকের অভিযোগও তোলা হয়েছে।
অন্যদিকে, কমিশনের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, নির্বাচনী পরিস্থিতি বোঝার জন্য পর্যবেক্ষকদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলতেই হয়। এই বৈঠক স্বচ্ছতার মধ্যেই হয়েছে এবং সেখানে কোনও গোপনীয়তার বিষয় ছিল না।
উভয় পক্ষের যুক্তি শোনার পর আদালত বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখে দ্রুত জবাবদিহির নির্দেশ দিয়েছে।








