বসিরহাটে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান
নতুন পয়গাম, তাবাসসুমা খাতুন, বসিরহাট: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হল। বিজেপি ছেড়ে বহু কর্মী-সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বলে দাবি শাসকদলের। এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় বসিরহাট দক্ষিণ বিধানসভার অন্তর্গত ধলতিথা এলাকার ৫৫ ও ৫৬ নম্বর বুথে। নির্বাচনের আগে এই দলবদলকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চর্চা তুঙ্গে উঠেছে। তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প এবং স্থানীয় সংগঠনের শক্তিতেই বিরোধী শিবিরের কর্মীরা দলে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসিরহাট ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তথা শাকচুড়া-বাগুন্ডি অঞ্চলের প্রধান গোলাম মোস্তফা। এছাড়াও উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুরজিৎ মিত্র, যিনি বাদল মিত্র নামেই অধিক পরিচিত। নতুন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান নেতৃবৃন্দ। প্রার্থী সুরজিৎ মিত্র বলেন, এলাকার মানুষ উন্নয়নের পক্ষে রয়েছেন। বিজেপির বিভাজনের রাজনীতি মানুষ আর মেনে নিতে চাইছেন না। তাই সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। তিনি আরও জানান, আসন্ন নির্বাচনে বসিরহাট দক্ষিণে তৃণমূল কংগ্রেস আরও বড় ব্যবধানে জয়ী হবে বলে তিনি আশাবাদী।
গোলাম মোস্তফা বলেন, ধলতিথা এলাকায় তৃণমূল কংগ্রেসের সংগঠন দিন দিন আরও মজবুত হচ্ছে। বিরোধী দলের বহু কর্মী বুঝতে পেরেছেন মানুষের পাশে থেকে কাজ করে একমাত্র তৃণমূল কংগ্রেসই। সেই কারণেই তারা দলে যোগদান করছেন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যোগদান কর্মসূচিকে ঘিরে এলাকায় যথেষ্ট উৎসাহ দেখা যায়। নতুন সদস্যদের স্বাগত জানাতে দলীয় কর্মী-সমর্থকদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে, ভোটের আগে ধলতিথা ৫৫ ও ৫৬ নম্বর বুথে এই যোগদান কর্মসূচি বসিরহাট দক্ষিণের রাজনৈতিক লড়াইয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।








