গ্রাম থেকে শহর, পাড়ায় পাড়ায় লাল মিছিল
নতুন পয়গাম, এজাজ আহম্মেদ, খড়গ্রাম: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে খড়গ্রাম বিধানসভা কেন্দ্রে বামফ্রন্টের প্রচার ক্রমশ তীব্রতর হচ্ছে। গ্রাম থেকে শহর, পাড়ায় পাড়ায় লাল ব্রিগেড নিয়ে মিছিল করে কখনো পায়ে হেঁটে মানুষের বাড়ি বাড়ি প্রচার করেন সিপিআই(এম) প্রার্থী ধ্রুবজ্যোতি সাহা।
সোমবার খড়গ্রামের কল্যাণপুর ১ ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক বিরাট মিছিলের মাধ্যমে প্রচার চালান তিনি। এদিন প্রার্থী গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন, তাঁদের সমস্যা ও দাবিদাওয়া শোনেন এবং বামফ্রন্টের পক্ষ থেকে উন্নয়নের রূপরেখা তুলে ধরেন। মিছিল ও পথসভায় স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
খড়গ্রামে বামফ্রন্টের শক্তি বাড়াতে বিশেষ মাত্রা যোগ করেছে তৃণমূল ও বিজেপির ‘বড় ভাঙন’। ৬৬ নং খড়গ্রাম বিধানসভার কল্যাণপুর ২ অঞ্চলের কুন্ডল গ্রাম-সহ বিভিন্ন এলাকা থেকে তৃণমূল ও বিজেপি ছেড়ে সিপিআই(এম)-এ যোগ দিয়েছেন কয়েকশো কর্মী-সমর্থক। তারা ধ্রুবজ্যোতি সাহার হাত ধরে লাল পতাকায় শামিল হন। প্রসঙ্গত, এই যোগদান ঘিরে এলাকায় ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। যোগদানকারীরা জানান, তৃণমূলের উন্নয়নের ব্যর্থতা ও দুর্নীতির জন্যই তাঁরা দল ছাড়ছেন। এদিনের কর্মসূচিতে যোগদানকারী নবাগতদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
প্রচার শেষে ধ্রুবজ্যোতি সাহা সাংবাদিকদের বলেন, “দুর্নীতির বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াতে বামফ্রন্টের দিকে আসছে। আগামী দিনে লাল পতাকা উড়বে। শিক্ষা, শিল্প ও কাজ হবে—এই প্রতিশ্রুতি নিয়ে আমরা মানুষের মধ্যে যাচ্ছি।” তিনি আরও জানান, খড়গ্রামবাসী এবার বদল চায়। বামফ্রন্ট সরকার এলে এলাকার উন্নয়ন ও কর্মসংস্থানের মূল সমস্যাগুলোর সমাধান হবে।








