রোডম্যাপ ঈদসংখ্যা প্রকাশ ও সেমিনার সম্পন্ন, সকলকে আন্তরিক অভিনন্দন
নতুন পয়গাম, কলকাতা: ১১ এপ্রিল (শনিবার) শিয়ালদহের কৃষ্ণপদ মেমোরিয়াল হলে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘রোডম্যাপ’ পত্রিকার বিশেষ ঈদসংখ্যা প্রকাশনা অনুষ্ঠান ও সেমিনার। এবারের সেমিনারের বিষয়বস্তু ছিল অত্যন্ত সময়োপযোগী— “নাগরিকত্বের কাঁটাতারে বন্দি ঈদের চাঁদ”। বিকেল সাড়ে তিনটায় সম্পাদক এম এম আব্দুর রহমান এর স্বাগত ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একঝাঁক গুণী লেখক, কবি এবং বুদ্ধিজীবীদের উপস্থিতিতে সভা হয়ে ওঠে প্রাণবন্ত।
অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রাক্তন শিক্ষা আধিকারিক ও বিশিষ্ট লেখক রেজানুল করিম মহোদয় পত্রিকার বিশেষ সংখ্যাটির মোড়ক উন্মোচন করেন। সেমিনারে মূল্যবান বক্তব্য রাখেন ড. সুধাকর সরদার, সংবিধান বিশেষজ্ঞ তাপস কান্তি বিশ্বাস (WBCS), প্রথিতযশা কথাসাহিত্যিক ইসমাইল দরবেশ ঔপন্যাসিক মুসা আলী, নাট্যকার দীপনারায়ণ মণ্ডল, মুবাইদুল ইসলাম এবং লেখিকা সামিমা মল্লিক ও আরেফা গোলদার। কবি আসাদ আলী, আবদুস সালাম, আবীর লাল, সেখ রমজান আলী, সুরজিত আদক, ছন্দা বিজলী, মেহদি হাসান, মোহা. আব্দুল রহমান, ফিরোজা বেগম, কবি আলমগীর রহমান, ইপথিমা, এছাড়াও উত্তরবঙ্গের কবি মুহা. আকমাল হোসেন ও অধ্যাপক রেজমান মল্লিকের উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছে।
দীপনারায়ণ মণ্ডলের কণ্ঠে নজরুলের অমর কবিতা “দুর্গম গিরি কান্তার মরু…” এক অন্যরকম আবহ তৈরি করে। পাশাপাশি আব্দুর রকিব, মাহমুদ হাসান ও শাহেদ রেজার সংগীত ও সুরের মূর্ছনা দর্শকদের মুগ্ধ করে। একঝাঁক তরুণ কবির স্বরচিত কবিতা পাঠে জমে উঠেছিল কবিসভা। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীলভাবে সঞ্চালনা করেন রোডম্যাপ সম্পাদনা পর্ষদের সদস্য স্বামিমা আসমান ও সমীরণ বিশ্বাস। সকলের আন্তরিক উপস্থিতি এবং সহযোগিতায় এই আয়োজন সফল হয়েছে। সাহিত্য ও সমাজভাবনার এই যাত্রা অব্যাহত থাকবে।








