গান্ধীজিকে কটূক্তির প্রতিবাদে ধূপগুড়িতে রাস্তা অবরোধ
নতুন পয়গাম, প্রীতিময় সরখেল, ধূপগুড়িঃ মহাত্মা গান্ধীকে ‘দেশদ্রোহী’ বলার মন্তব্যের প্রতিবাদে ধূপগুড়ি বাসস্ট্যান্ড চৌপথিতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। রীতিমতো জাতীয় পতাকা এবং গান্ধীজীর ছবি হাতে নিয়ে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় এলাকায়। বিক্ষোভকারীদের দাবি, বিজেপির ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী নরেশচন্দ্র রায় যিনি এই বিতর্কিত মন্তব্য করেছেন, তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। তা না হলে প্রকাশ্যে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে। অন্যথায় আন্দোলন আরও জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
এছাড়াও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, এই ধরনের মন্তব্যকে সাধারণ মানুষ এবং সচেতন সমাজ কখনোই মেনে নেবে না এবং নির্বাচনে এর উপযুক্ত জবাব দেবে জনগণ।এই পথ অবরোধের জেরে প্রায় এক ঘণ্টা আলিপুরদুয়ার থেকে শিলিগুড়িগামী এবং কোচবিহার থেকে জলপাইগুড়ি গামী সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তির মুখে পড়েন সাধারণ মানুষ। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর গ্রেফতারের দাবিতে স্লোগান তুলে অবশেষে অবরোধ তুলে নেন তৃণমূল কর্মী-সমর্থকরা।








