ভাঙড়ে ভোটের আগে ‘বারুদ-ছায়া’
নতুন পয়গাম, সাহিনুর ইসলাম, ভাঙড়: ভোটের প্রাক্কালে ফের উত্তেজনা ছড়াল ভাঙড়ে। দক্ষিণ বামুনিয়া এলাকায় দুটি জলাশয় থেকে একনলা বন্দুক ও বিপুল পরিমাণ বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে কয়েকজন স্থানীয় বাসিন্দা মাছ ধরতে গিয়ে জলাশয়ের মধ্যে প্লাস্টিক মোড়ানো অবস্থায় একটি একনলা বন্দুক দেখতে পান। খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ জলাশয় থেকে বন্দুকটি উদ্ধার করে। এরপর পাশেই অন্য একটি জলাশয়ের জল সেচ করা হলে তল্লাশি চালিয়ে মোট ৮৪ টি বোমা উদ্ধার হয়। একসঙ্গে এত বিপুল পরিমাণ বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় স্বভাবতই উদ্বিগ্ন পুলিশ প্রশাসন। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘক্ষণ জলে ভিজে থাকার কারণে বোমাগুলি সক্রিয় অবস্থায় ছিল না।
উল্লেখ্য, কয়েকদিন আগেই এই দক্ষিণ বামুনিয়া এলাকাতেই একটি পরিত্যক্ত বাড়িতে গভীর রাতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনায় হাড়োয়া এলাকার বাসিন্দা মশিউর কাজীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। জানা যায়, বোমা বাঁধার সময় বিস্ফোরণ ঘটায় তাঁর দু’টি হাত উড়ে যায়। আহত হন আরও কয়েকজন। ঘটনায় সুজয় মণ্ডল নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার হন বসিরহাট থেকে। এছাড়াও সুরজ মোল্লা নামে ভাঙড়ের এক অ্যাম্বুলেন্স চালককেও গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে নেমে পুলিশ ও কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন।
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বন্দুক ও বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে দক্ষিণ বামুনিয়া ও আশপাশের এলাকায়। পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন ঘটনাস্থল পরিদর্শনে যান পুলিশ অবজারভার মনোজ কুমার। পুলিশ সূত্রে খবর, পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোটের মুখে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে প্রশাসনিক মহলে।








