পবিত্র রমজান উপলক্ষে মালদহে মানবতার ছোঁয়া, দুস্থদের পাশে বিদেশের মসজিদ
নতুন পয়গাম, মালদহ: পবিত্র সিয়াম সাধনার মাস উপলক্ষে মালদহ জেলার খানপুর এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ব্রিটেনের বোল্টন শহরে অবস্থিত জাকারিয়া জামে মসজিদের (জেডজেএম) সহযোগিতায় রবিবার খানপুর আজাদ গ্রাম উন্নয়ন সমিতি এই বিতরণ কর্মসূচির আয়োজন করে। প্রধানত এলাকার বিধবা মহিলা, পিতৃমাতৃহীন শিশু এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলিকেই এই সহায়তার আওতায় আনা হয়। প্রতিটি সাহায্যপ্যাকেটে রমজান মাসে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী যেমন চাল, ডাল, তেল, চিনি ও ইফতারির জন্য খেজুর রাখা হয়। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, প্রবাসে অবস্থান করলেও নিজ মাটি ও মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ।
এই মানবিক কর্মকাণ্ডকে স্থানীয় বাসিন্দারা স্বাগত জানিয়েছেন এবং বিদেশে থাকা সংস্থাটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এলাকার স্বেচ্ছাসেবকদের নিরলস প্রচেষ্টা ও সুষ্ঠু পরিকল্পনায় অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়। রমজানের শুরুতেই এই সাহায্য পাওয়ায় বেশ কিছু অসহায় পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে।








