হুগলির পোলবায় অবৈধ পোস্ত চাষের বিরুদ্ধে পুলিশের অভিযান
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলিঃ অবৈধ পোস্ত চাষ রুখতে হুগলি জেলা পুলিশের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হল। বুধবার দুপুরে পোলবা থানার অন্তর্গত আমনান গ্রাম পঞ্চায়েতের রানীর ভেরী এলাকায় এক ঝটিকা অভিযান চালায় পুলিশ। অভিযানের নেতৃত্বে ছিলেন হুগলি রুরাল পুলিশের ডেপুটি পুলিশ সুপারিনটেনডেন্ট (ডিসিপ্লিন এন্ড ট্রেনিং) প্রিয়ব্রত বক্সী এবং ধনিয়াখালির সার্কেল ইন্সপেক্টর রামগোপাল পাল। এদিকে পোস্ত গাছ নিধনে পোলবা থানার ওসির নেতৃত্বে পুলিশ বাহিনী কয়েক কাঠা জমির পোস্ত গাছ নষ্ট করে দেয়। উল্লেখ্য, নারকোটিকস অ্যাক্ট অনুযায়ী ব্যক্তিগতভাবে পোস্ত চাষ দণ্ডনীয় অপরাধ। জমিটি কার মালিকানাধীন তা খতিয়ে দেখে সংশ্লিষ্ট জমির মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রসঙ্গত, হুগলি গ্রামীণ পুলিশ দীর্ঘদিন ধরেই সচেতনতামূলক শিবিরের মাধ্যমে সাধারণ মানুষকে এই অবৈধ চাষের কুফল সম্পর্কে অবগত করে আসছে। জেলা পুলিশের এই অভিযান আগামীতেও জারি থাকবে বলে জেলা পুলিশ সুত্রে জানা গেছে।








