সরকারি উদ্যোগে আলু সংরক্ষণ শুরু, ন্যায্যমূল্যের আশায় খুশি কৃষকরা
নতুন পয়গাম, প্রীতিময় সরখেল, ধূপগুড়িঃ কৃষকদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল জেলা প্রশাসন। সরকারি উদ্যোগে ধূপগুড়ির হিমালয়ান কোল্ড স্টোরেজে আনুষ্ঠানিকভাবে আলু কেনা ও সংরক্ষণের কাজ শুরু হয়েছে। এই উদ্যোগে দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে স্বস্তির মুখ দেখছেন এলাকার চাষিরা। জেলা শাসক দফতর সূত্রে জানা গিয়েছে, বিশেষ এই প্রকল্পের আওতায় একজন কৃষক সর্বোচ্চ ৭০ ব্যাগ পর্যন্ত আলু মজুত করতে পারবেন। সরকারিভাবে আলুর দর নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৯ টাকা ৫০ পয়সা। এছাড়া কোল্ড স্টোরেজের মোট ধারণক্ষমতার ১৫ শতাংশ অংশ সাধারণ কৃষকদের জন্য সংরক্ষিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় চাষিদের মতে, খোলা বাজারের তুলনায় সরকারি নির্ধারিত দাম কিছুটা বেশি হওয়ায় লোকসানের আশঙ্কা অনেকটাই কমবে। ফলে এই উদ্যোগ কৃষকদের জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে। ধূপগুড়ির এই কোল্ড স্টোরেজে প্রথমবার এই ধরনের প্রকল্প চালু হলেও, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শিগগিরই জেলার অন্যান্য হিমঘরেও এই পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে। কৃষি বিশেষজ্ঞ ও চাষিদের মতে, সরকারের এই হস্তক্ষেপ বাজারে আলুর দাম স্থিতিশীল রাখতে সহায়তা করবে। পাশাপাশি ভবিষ্যতে দাম বাড়লে কৃষকরা সরাসরি লাভবান হতে পারবেন। ন্যায্যমূল্য নিশ্চিত হওয়ার এই আশ্বাসে উত্তরবঙ্গের কৃষি মহলে নতুন করে আশার আলো জেগেছে।








