‘স্বাধীনোত্তর ভারতে নারীর অধিকার ও মর্যাদা’ শীর্ষক সেমিনার কলকাতায়
নতুন পয়গাম, কলকাতা, ৮ মার্চ: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে (সূর্য সেন স্ট্রিট ইস্ট) এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের মহিলা সেল। দিনভর চলা এই অনুষ্ঠানে জ্ঞানী-গুণীজনের উপস্থিতিতে অনুষ্ঠানমঞ্চ চিত্তাকর্ষক হয়ে ওঠে। এই বছরের সেমিনারের মূল বিষয় ছিল— “স্বাধীনোত্তর ভারতে নারীর অধিকার ও মর্যাদা”। বক্তারা স্বাধীনতার পরবর্তী সময়ে নারীসমাজের অগ্রগতি, বিদ্যমান বাধা এবং সম্ভাবনার দিকগুলি বিশদে আলোচনা করেন। অনুষ্ঠানের সূচনা হয় স্বাগত ভাষণের মাধ্যমে। সংগঠনের কার্যকরী সভাপতি ও শিক্ষক আব্দুর রউফ উপস্থিত সকলকে স্বাগত জানান। এরপর দিনটির তাত্পর্য বিশ্লেষণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রফেসর ড. জাহান আলী পুরকাইত।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিল্লির জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. রমা দেব্ব্রত। বিশেষ অতিথির আসন অলংকৃত করেন প্রাক্তন অধ্যাপিকা ড. রত্নাবলি চ্যাটার্জি (কলকাতা বিশ্ববিদ্যালয়) এবং প্রাক্তন বিচারপতি এন্তাজ আলী শাহ। সম্মানিত বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সামাজিক আন্দোলনের কর্মী তারসেম সিং ও বহ্নিহোত্রি হাজরা। তাঁদের বক্তব্যে নারী দিবসের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট উঠে আসে। অনুষ্ঠানে বিশেষ উপস্থিতি ছিল সংগঠনের সভাপতি মাও মোজাফফর হোসেন, সহ-সভাপতি এ কে এম গোলাম মুর্তজা, সহ-সম্পাদক প্রফেসর কাজি আলফ্রেড (আলিয়া বিশ্ববিদ্যালয়), ড. সাবিনা ইয়াসমিন, কাকলি ম্যাডাম, সেলিনা শবনম ও হাবিব সাহেবের। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপিকা ড. সালেহা বেগম ও রেভারেন্ড শ্যামল ঘড়ুই যৌথভাবে। উপস্থিত বুদ্ধিজীবী ও সমাজকর্মীদের বক্তব্যে ফুটে ওঠে নারী দিবসের প্রকৃত তাৎপর্য এবং নারীমুক্তির লক্ষ্যে সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান।








