মরণোত্তর চক্ষু ও দেহদান সংগ্রহ কেন্দ্রের উদ্বোধন হাওড়ার আমতায়
নতুন পয়গাম, সেখ মইদুল আলি, হাওড়া: হাওড়া জেলার আমতা থানার উদং-এ মরণোত্তর চক্ষু ও দেহদান সংগ্রহ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এলাকার প্রাক্তন বিধায়ক প্রয়াত ডা. তারাপদ প্রামাণিকের স্মৃতিতে কেন্দ্রটির নামকরণ করা হয়েছে ‘ডা. তারাপদ প্রামাণিক স্মৃতি চক্ষু ও দেহদান সংগ্রহ কেন্দ্র’। ‘ভাবনা’ এবং ‘অমরাগড়ি যুব সংঘ’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রথমে একটি দেহদান সচেতনতা মূলক মিছিল বের হয়। মিছিলটি দীর্ঘ পথ পরিক্রমার পর উদং উচ্চ বালিকা বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেহদান আন্দোলনের অন্যতম নেতা শঙ্কর খাঁ, মানস পাল, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক সুচন্দন পোড়েল, ডা. সমীর প্রামাণিক, দেবাশীষ মজুমদার, রাজকুমার প্রামাণিক, অরুণ কুমার পাত্র এবং উদং উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা জ্যোৎস্না মেউর প্রমুখ। কেন্দ্রের পরিচালক প্রদীপ রঞ্জন রীত এই উদ্যোগের তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, “মরণোত্তর চক্ষুদান অনেক অন্ধ ব্যক্তিকে দৃষ্টি ফিরিয়ে দিতে পারে। অন্যদিকে, মরণোত্তর দেহদান চিকিৎসা বিজ্ঞানের ছাত্রছাত্রীদের পড়াশোনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে আরও বলেন, “আমরা সকলকে কুসংস্কার ও দ্বিধা কাটিয়ে মরণোত্তর চক্ষু ও দেহদানে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানাই।” এই কেন্দ্র স্থাপনের মাধ্যমে আমতা অঞ্চলে মরণোত্তর অঙ্গদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন উদ্যোক্তারা।








