ফারাক্কায় সম্প্রীতির নজির আইনজীবী রবিউল আলম
মোফাক হোসেন, ফারাক্কা: বর্তমান সময়ে যখন অনেক মানুষ ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দিয়ে সমাজের বৃহত্তর স্বার্থকে ভুলে যায়, ঠিক সেই সময় মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ফারাক্কার আইনজীবী রবিউল আলম। তাঁর উদ্যোগে ফারাক্কার পথের সাথী ভবনে এক বৃহৎ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।এই ইফতার মাহফিলে প্রায় হাজারখানেক রোজাদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। হিন্দু, মুসলিম ও খ্রিস্টানসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এতে অংশগ্রহণ করেন, যা এলাকায় সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়েছে।অনুষ্ঠানে আইনজীবীদের পাশাপাশি শিক্ষক, ব্যাংক কর্মী, কবি-সাহিত্যিকসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপস্থিত অনেকেই মনে করেন, এই ধরনের উদ্যোগ সমাজে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও শক্তিশালী করে।
এর আগেও রবিউল আলম সমাজের বন্ধুদের নিয়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজন করে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এবারের ইফতার মাহফিলও তার ব্যতিক্রম নয় বলে মনে করছেন ফারাক্কার বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে সাধারণ মানুষ।এলাকার বিশিষ্টজনদের মতে, রবিউল আলমের চিন্তা-ভাবনা ও সমাজমুখী উদ্যোগ তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজের কল্যাণে কাজ করার মানসিকতা তার কর্মকাণ্ডে স্পষ্টভাবে প্রতিফলিত হয়।উল্লেখ্য, আইনজীবী রবিউল আলম Red Cross-এর একজন সক্রিয় সদস্য। তিনি নিয়মিত রক্তদান শিবিরসহ বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন বলে উপস্থিত রোজাদার ও এলাকাবাসীরা জানান।








