কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব শ্রমজীবী মহিলারা
নতুন পয়গাম, মাঝেরহাট: শ্রমজীবী মহিলাদের মর্যাদা প্রতিষ্ঠার দাবীতে সরব ইষ্টার্ণ রেলওয়ে কন্সট্রাকশন কন্ট্রাক্টর মজদূর ইউনিয়ন। রবিবার মাঝেরহাট স্টেশনে আন্তর্জাতিক নারী দিবসে সংগঠনের পক্ষ থেকে মতবিনিময় আলোচনা সভা আয়োজন করে। সেখানেই উপস্থিত নেতৃবৃন্দ কেন্দ্রীয় সরকারের নয়া শ্রম কোডের বিরুদ্ধে প্রতিবাদ জানান। পাশাপাশি কর্মক্ষেত্রে নারী নির্যাতনের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলার দাবী উঠে। এদিনের কর্মসূচী সম্পর্কে ইআরসিসিএমইউ কেন্দ্রীয় নেত্রী মীনা পান্ডে বলেন “বর্তমান সময়ে যেভাবে কর্মক্ষেত্রে নারীর মর্যাদা হানি ঘটছে তা অত্যন্ত উদ্বেগের।এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কিন্তু এমন পরিস্থিতিতে আমরা দেখলাম কেন্দ্রীয় সরকার নয়া শ্রম কোড প্রণয়ন করে যেটুকু নারীর নিরাপত্তা জনিত আইন ছিল সেটাও তুলে দেওয়া হচ্ছে।এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।” এদিনের সভার সভাপতিত্ব করেন বিশিষ্ট প্রাবন্ধিক ও সমাজকর্মী নরেন্দ্রনাথ কুলে। শিয়ালদহ ডিভিশনে এধরনের কর্মসূচী রেলকর্মীদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছে।এদিন ইআরএমইউ,মানবাধিকার সংগঠন সিপিডিআরএস , কেন্দ্রীয় শ্রমিক সংগঠন হিন্দ মজদূর সভার নেতৃত্বরা উপস্থিত ছিলেন।








