ডোমকলের রাজনীতিতে এখন চর্চিত সক্রিয় মুখ সামিম সেখ রুবাই
নতুন পয়গাম, সামিমা খাতুন, ডোমকল: মুর্শিদাবাদের ডোমকল বিধানসভা এলাকায় সাম্প্রতিক সময়ে রাজনীতি ও সমাজসেবামূলক কাজের জন্য পরিচিত মুখ হয়ে উঠেছেন সামিম সেখ রুবাই। ছাত্র রাজনীতি থেকে রাজনৈতিক জীবনের সূচনা করে ধাপে ধাপে সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে শাসক দল তৃণমূল কংগ্রেসের সংগঠনিক কাজের পাশাপাশি সামাজিক ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করছেন। সামিম সেখ রুবাইয়ের রাজনৈতিক জীবন শুরু ২০০৭ সালে ছাত্র সংগঠন এসএফআই-এর লোকাল কমিটির সভাপতি হিসেবে। এরপর কলেজ রাজনীতিতে সক্রিয় ভূমিকা নেন তিনি। ২০০৯ সালে ডোমকল কলেজ, বসন্তপুরে জেনারেল সেক্রেটারি (জিএস) পদে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তৃণমূল ছাত্র পরিষদে যোগ দিয়ে ২০১১ সালে কলেজ ইউনিটের সভাপতি হন এবং ২০১২ সালে ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির দায়িত্ব পান। ২০১৪ সালে জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদকের পদেও কাজ করেন।পরবর্তী সময়ে সংগঠনের মূল ধারার রাজনীতিতে আরও সক্রিয় হন তিনি। ডোমকল ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি (২০২২-২০২৬) পদে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের কোর কমিটির অন্যতম সদস্য হিসেবে সংগঠনের কাজ করছেন।রাজনীতির পাশাপাশি সমাজসেবামূলক কাজেও সক্রিয় রয়েছেন। ডোমকল সবুজ সংঘ ক্লাবের সভাপতি হিসেবে তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নেতৃত্ব দিচ্ছেন। এলাকার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি।সামাজিক উদ্যোগের ক্ষেত্রেও রয়েছে একাধিক কাজের নজির। কোভিড-১৯ মহামারির সময় প্রায় ১০ হাজার মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন তিনি ও তাঁর সহযোগীরা। সেই সময় হাসপাতালে ভর্তি রোগীদের জন্য খাবার ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থাও করা হয়। পাশাপাশি গরিব মানুষের জন্য শাড়ি বিতরণ, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, রক্তদান শিবিরের আয়োজনের মতো উদ্যোগও নেওয়া হয়েছে তাঁর নেতৃত্বে।
এছাড়াও সারাবছর দরিদ্র পরিবারের বিয়ের জন্য আর্থিক সহায়তা, শীতবস্ত্র ও কম্বল বিতরণ, চিকিৎসা সহায়তা এবং খাদ্যসামগ্রী বিতরণের মতো বিভিন্ন সামাজিক কর্মসূচি নিয়মিতভাবে পরিচালনা করে আসছেন।ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রেও উদ্যোগ নিতে দেখা যায় তাঁকে। রমজান ও ঈদের সময় যেমন অসহায় মানুষের পাশে দাঁড়ান, তেমনি হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পুজো-পার্বণেও বস্ত্র বিতরণ ও আর্থিক সহায়তার মাধ্যমে সহযোগিতা করে থাকেন বলে স্থানীয়সূত্রে জানা যায়।সম্প্রতি ‘উন্নয়নের পাঁচালী’ থেকে শুরু করে ‘লক্ষ্মী এলো ঘরে’ প্রভৃতি দলীয় কর্মসূচিতে এলাকায় নেতৃত্ব দিচ্ছেন। বস্তুত দলের ভিতরে ও বাইরে তাঁর জনপ্রিয়তা বাড়ছে। এমতবস্থায় আগামী বিধানসভা নির্বাচনে প্রয়াত বিধায়ক জাফিকুল ইসলামের আসনে তাঁকে প্রার্থী করা হতে পারে বলে গুঞ্জন উঠেছে। ডোমকলে নতুন মুখ হিসেবে সামিম সেখ রুবাই যোগ্য প্রার্থী বলে মনে করছেন অনেকেই। দলের একাংশের দাবি, “রুবাইদাকে ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের টিকিট দেওয়া হোক।” তবে সময়ই বলবে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাকে যোগ্য মনে করেন।ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সামিম সেখ রুবাই বলেন, ডোমকলকে একটি শিক্ষিত, স্বনির্ভর ও উন্নত এলাকায় পরিণত করাই তাঁর লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক ন্যায়বিচারের ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে তিনি কাজ চালিয়ে যেতে চান।








