কুমলাই নদী দূষণমুক্ত করতে অবশেষে পদক্ষেপ নিল প্রশাসন
নতুন পয়গাম, প্রীতিময় সরখেল, ধূপগুড়িঃ রবিবার ধূপগুড়ি শহরে কুমলাই নদীর ব্রিজের উপর রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন মহকুমা নাগরিক মঞ্চের সদস্যরা। দীর্ঘদিন ধরেই শহরের ‘লাইফলাইন’ হিসেবে পরিচিত একমাত্র এই নদী পৌরসভা ও জেলা পরিষদের ফেলা নোংরা আবর্জনায় মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। নদীর গতিপথ প্রায় বন্ধ হয়ে গিয়ে তা নালায় পরিণত হয়েছে। যে নদীতে সারা বছর জল থাকত, সেই নদী আজ মৃতপ্রায় এই ক্ষোভেই ফুঁসছিল গোটা ধূপগুড়ি।
কুমলাই নদী দূষণমুক্ত করার দাবিতে আন্দোলনে নামে ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ। রবিবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। পরে ধূপগুড়ি থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে আন্দোলন কারীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত বিষয়টি সংশ্লিষ্ট দফতরে জানিয়ে পরিষ্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। সেই আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করা হয়।
চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ধূপগুড়ি মহকুমা প্রশাসন ও ধূপগুড়ি থানার পুলিশের উদ্যোগে কুমলাই নদী ও সেতুর উপর জমে থাকা নোংরা আবর্জনা পরিষ্কারের কাজ শুরু হলো। সকাল থেকেই সাফাই অভিযান চালানো হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ধাপে ধাপে নদীর ভেতরে জমে থাকা আবর্জনার স্তূপও পরিষ্কার করা হবে।








