সারবোঝাই ট্রাক নয়ানজুলিতে, অল্পের জন্য প্রাণ রক্ষা চালকের
নতুন পয়গাম, মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানার অন্তর্গত ছয়ঘরী পীরতলা সংলগ্ন এলাকায় ঘটল এক বড়সড় সড়ক দুর্ঘটনা। সারবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের ধারের নয়ানজুলিতে পড়ে যায়। অল্পের জন্য প্রাণে রক্ষা পান গাড়ির চালক।স্থানীয় সূত্রে জানা যায়, কলকাতা থেকে রানীনগরগামী একটি সারবোঝাই ট্রাক রাস্তার ধারে থাকা একটি গাছের বাড়ন্ত ডালে আটকে যায়। এরপর চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সোজা রাজ্য সড়কের পাশের নর্দমায় পড়ে যায়।
দুর্ঘটনার সময় ট্রাকে কেবলমাত্র চালকই ছিলেন, কোনো খালাসি ছিল না। ঘটনায় চালকের নাকে আঘাত লাগে। স্থানীয়দের সহায়তায় তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি সুস্থ ও বিপদমুক্ত রয়েছেন বলে জানা গেছে।দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।এলাকাবাসীর অভিযোগ, রাজ্য সড়কের ধারে থাকা গাছের ডালপালা নিয়মিত ছাঁটাই না হওয়ায় এ ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন স্থানীয়রা।







