রমজানে অসহায়দের পাশে আল হোসাইনী হেল্প ফাউন্ডেশন
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, হুগলি: পবিত্র রমজান মাস উপলক্ষে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াল আল হোসাইনী হেল্প ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে হুগলি জেলার সিঙ্গুর থানার অন্তর্গত বাসুবাটি গ্রামে অবস্থিত বাসুবাটি বড় হুজুর দরবার শরীফ প্রাঙ্গণে আয়োজিত হয় সামগ্রী বিতরণ ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হ্যান্ডিক্যাপ সাইকেল প্রদান কর্মসূচি।শনিবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে এলাকার বহু দুঃস্থ পরিবারের হাতে প্রয়োজনীয় স্থায়ী সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি চলাচলের সুবিধার্থে একাধিক বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে হ্যান্ডিক্যাপ সাইকেল প্রদান করা হয়। মানবিক এই উদ্যোগকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং স্থানীয় বাসিন্দাদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি পীরজাদা সৈয়দ সামিরুল ইসলাম, সম্পাদক সৈয়দ শাহ আবিরুল ইসলাম ও কোষাধ্যক্ষ সৈয়দ আরিফুল ইসলাম চিশতী। এছাড়াও দরবার শরীফের গাদ্দিনশীন হযরত সৈয়দ শাহ হামিদুল ইসলাম চিশতী, সৈয়দ শাহ রবিউল ইসলাম, সৈয়দ শাহ এজাজুল ইসলাম, সৈয়দ শাহ রামিজুল ইসলাম-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।বক্তারা তাঁদের বক্তব্যে সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তাঁদের মতে, মানবতার সেবাই প্রকৃত ধর্মীয় ও সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয় ফাউন্ডেশন। অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী।
আরও পড়ুন








