পরীক্ষার দিন আচমকা মৃত্যু অষ্টম শ্রেণির ছাত্রের, শোকস্তব্ধ সোনারপুর
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সোনারপুর: পরীক্ষার সকালেই নিভে গেল এক কিশোর প্রাণ। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর-এর সুভাষগ্রাম এলাকায় এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত ছাত্রের নাম পৃথ্বিরাজ হালদার (১৪)। সে অষ্টম শ্রেণির ছাত্র ছিল। বুধবার ছিল তার পরীক্ষার দিন। প্রতিদিনের মতোই সকাল ৮টায় বাড়ি থেকে বেরিয়েছিল সে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই হঠাৎ শারীরিক অসুস্থতার খবর পৌঁছায় পরিবারের কাছে। সকাল ৮টা ৪৮ মিনিট নাগাদ একটি ফোন পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত সেখানে পৌঁছান। তড়িঘড়ি করে পৃথ্বিরাজকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কীভাবে তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হল, তা এখনও স্পষ্ট নয়। স্বাভাবিক অসুস্থতা নাকি অন্য কোনও কারণ—তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পৃথ্বিরাজ নার্সারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত The Summit School-এর ছাত্র ছিল। স্কুল সূত্রে জানা গিয়েছে, সে শান্ত ও ভদ্র স্বভাবের ছাত্র হিসেবে পরিচিত ছিল।
মৃতের বাবা রাজকুমার হালদার পেশায় ব্যবসায়ী। তিন ছেলের মধ্যে পৃথ্বিরাজই ছিল সবচেয়ে ছোট। হঠাৎ ছোট ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছে গোটা পরিবার। তাঁর অভিযোগ, ঘটনার পর স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে যথাযথ সহযোগিতা মেলেনি। ঠিক কী পরিস্থিতিতে পৃথ্বিরাজ অসুস্থ হয়ে পড়ে এবং স্কুল কী পদক্ষেপ নিয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ঘটনার পর এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। প্রতিবেশী ও আত্মীয়রা শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তবে পরীক্ষার দিন সকালে ঠিক কী ঘটেছিল এবং কী কারণে এত দ্রুত পরিস্থিতি গুরুতর হয়ে উঠল, তার উত্তর এখনও অজানা। বিষয়টি খতিয়ে দেখছে সোনারপুর থানা পুলিশ।








