এসআইও নিয়ে মিথ্যা মন্তব্যের প্রতিবাদে কলকাতায় সাংবাদিক সম্মেলন
নতুন পয়গাম, কলকাতা: ভারতের ইসলামী ছাত্র সংগঠন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া (এসআইও)-কে নিয়ে সাম্প্রতিক কিছু গণমাধ্যমে প্রচারিত এসএফআই-এর এক প্রাক্তন রাজ্য সভাপতির বিভ্রান্তিমূলক বক্তব্যের প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে কলকাতার ১৪, আলিমুদ্দিন স্ট্রিটে অবস্থিত সংগঠনের রাজ্য দপ্তরে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি সিপিআইএম থেকে তৃণমূল কংগ্রেস-এ যোগদানকারী এসএফআই-এর এক প্রাক্তন রাজ্য সভাপতি প্রতিকুর রহমান বিভিন্ন গণমাধ্যমে এসআইও সম্পর্কে “মিথ্যা ও বানোয়াট” মন্তব্য করেছেন বলে তাঁদের অভিযোগ। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ এই ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানান। ‘প্রতিকুরের এই বিভ্রান্তিমূলক ও ইসলামোফোবিক মন্তব্যের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ – দাবি সংগঠনের।
এ প্রসঙ্গে এসআইও পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি সেখ ইমরান হোসেন বলেন, “এসআইও সম্পর্কে যে মন্তব্য করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এই ধরনের অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাই এবং তথ্যভিত্তিকভাবে এর জবাব দেব। সমাজে বিভ্রান্তি ছড়ায়— এমন যেকোনো প্রচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। ” বক্তারা দাবি করেন, এসআইও দীর্ঘদিন ধরে শিক্ষাবিস্তার, নৈতিক উন্নয়ন এবং সামাজিক সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানানো হয়।
উপস্থিত ছিলেন- এসআইও পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি সেখ ইমরান হোসেন, রাজ্য সাধারণ সম্পাদক আব্দুল ওয়াকিল, জনসংযোগ সম্পাদক সফিকুল ইসলাম মন্ডল প্রমুখ।








