মুর্শিদাবাদে দুই মেগা প্রকল্পের শিলান্যাস ২৮ ফেব্রুয়ারি
নতুন পয়গাম, মুর্শিদাবাদ: নবাবি ঐতিহ্যে সমৃদ্ধ মুর্শিদাবাদ জেলার উন্নয়নের খাতে যুক্ত হতে চলেছে দুই নতুন উদ্যোগ। রাজ্য সরকারের উদ্যোগে এখানে গড়ে উঠতে চলেছে ‘মুর্শিদাবাদ হাজারদুয়ারি বিশ্ববিদ্যালয় ও উৎকর্ষ গবেষণা কেন্দ্র’। পাশাপাশি ঐতিহাসিক কাটরা মসজিদ–কে কেন্দ্র করে প্রায় এক কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে একটি দৃষ্টিনন্দন গেট বা তোরণ। আগামী ২৮ ফেব্রুয়ারি নাকুরতলা স্কুল ময়দান থেকে এই দুই প্রকল্পের শিলান্যাস করবেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, অনুষ্ঠানের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে।
এই কর্মসূচিকে সামনে রেখে মঙ্গলবার প্রস্তাবিত প্রকল্প এলাকার জমি এবং নাকুরতলা স্কুল ময়দান পরিদর্শন করেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য পরিকাঠামো ও উৎকর্ষ গবেষণা কেন্দ্রের রূপরেখা খতিয়ে দেখতে প্রশাসনের শীর্ষ আধিকারিকরা দীর্ঘ সময় ধরে এলাকা পরিদর্শন করেন। এদিন জেলাশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক চিরন্তন প্রামাণিক, শামসুল হক ও দীন নারায়ণ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান, জেলা পরিষদের কো-মেন্টর শাওনি সিংহ রায়, লালবাগ মহকুমাশাসক ডক্টর বনমালী রায়, জেলা পরিষদের সদস্য মাগরেব সরকার, সুষমা দাস ও সুরেফা বিবি, মুর্শিদাবাদ পৌরসভা-র পৌরপিতা ইন্দ্রজিৎ ধর, জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা-র পৌরপিতা প্রসেনজিৎ ঘোষ এবং অল ইন্ডিয়া ইমাম মোয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক-সহ একাধিক প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।
প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় ও উৎকর্ষ গবেষণা কেন্দ্রের সীমানা প্রাচীর নির্মাণ এবং মূল অবকাঠামোর প্রাথমিক ভিত্তি স্থাপনের কাজও শিলান্যাসের দিনই শুরু হবে। জেলার উচ্চশিক্ষার পরিকাঠামো উন্নয়নে এই বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, কাটরা মসজিদের নিকটে প্রস্তাবিত তোরণ নির্মিত হলে পর্যটন শিল্পেও নতুন গতি আসবে বলে প্রশাসনের আশা। প্রায় এক কোটি টাকার এই প্রকল্প পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। তবে রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই প্রকল্পগুলি ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তরজা। উন্নয়ন বনাম নির্বাচনী কৌশল– এই প্রশ্নেই সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক শিবির।








