ভাঙড়ে ২৮ টি তাজা বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার দুই
নতুন পয়গাম, সাহিনুর ইসলাম, ভাঙড়: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় এলাকা। নতুন থানার শুভ উদ্বোধনের ঠিক আগের রাতেই পুলিশের বড় সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করল আটাশটি তাজা বোমা ও একটি আগ্নেয়াস্ত্র। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, ভাঙড়ের বানিয়ারা গ্রামে এক বাসিন্দার বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই উদ্ধার হয় বিপুল পরিমাণ বিস্ফোরক। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, উদ্ধার হওয়া বোমাগুলি অত্যন্ত শক্তিশালী এবং সদ্য প্রস্তুত। একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে।
উল্লেখযোগ্য বিষয়, আগামীকাল বুধবার উত্তর কাশীপুর থানাকে ভেঙে বিজয়গঞ্জ বাজার এলাকায় নতুন থানার ভবনের শুভ উদ্বোধন হওয়ার কথা। তার ঠিক আগের রাতেই এই বিপুল বিস্ফোরক উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বানিয়ারা গ্রাম ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং তল্লাশি অভিযান চলছে। লিশের প্রাথমিক অনুমান, আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে এই বিস্ফোরক মজুত করা হয়ে থাকতে পারে। তবে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং কারা এর সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তীব্র আকার নিয়েছে। বিধায়ক সওকাত মোল্লা এই ঘটনার জন্য আইএসএফকে দায়ী করে কড়া সমালোচনা করেছেন। অন্যদিকে আইএসএফ নেতা রাহিনুর হক সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেন, প্রকৃত সত্য উদঘাটনের জন্য স্বচ্ছ ও পক্ষপাতহীন তদন্ত প্রয়োজন। ইতিমধ্যে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।








