নিহত সেনা জওয়ানের মরদেহ পৌঁছাল শেখপাড়ার বাড়িতে
নতুন পয়গাম, জলঙ্গি: রবিবার সকালে ভারতীয় সেনার গাড়িতে করে নিহত জওয়ানের মরদেহ তাঁর শেখপাড়ার বাড়িতে আনা হয়। শেষ শ্রদ্ধা জানাতে তাঁকে গান স্যালুট দিয়ে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হবে। প্রিয় মানুষটিকে শেষবারের মতো দেখার জন্য আশেপাশের বহু মানুষ বাড়ির সামনে ভিড় জমান। পরিবার সূত্রে জানা গেছে, লাদাখ অঞ্চলে মাইনাস চার ডিগ্রি তাপমাত্রায় ডিউটি করার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার বিকেলে তাঁর মৃত্যু হয়। মৃত্যুসংবাদ বাড়িতে পৌঁছাতেই নিহত জওয়ান মনিরুল ইসলামের পরিবার ভেঙে পড়ে শোকে। শুধু পরিবার নয়, সমগ্র এলাকাজুড়েই নেমে এসেছে শোকের আবহ। হঠাৎ এই অকাল প্রয়াণ কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁর পরিজনেরা। বাড়িতে স্ত্রী ও ছোট ছোট সন্তান রয়েছে। তাদের ভবিষ্যৎ নিয়ে গভীর দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের সদস্যদের।








