ব্লক প্রাণিসম্পদ বিকাশ দিবস পালিত জয়নগরে
নতুন পয়গাম, হাসান লস্কর, দক্ষিণ ২৪ পরগনা: পশ্চিমবঙ্গ সরকার-এর প্রাণিসম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে জেলার জয়নগর-এর ২ নম্বর ব্লকে ব্লক স্তরের প্রাণিসম্পদ বিকাশ দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় দোসরা ভগবানপুর এফ পি স্কুল প্রাঙ্গণে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক প্রাণিসম্পদ বিকাশ আধিকারিক ও আহ্বায়ক ডাঃ মিলন কুমার দাস, প্রাণী চিকিৎসক ডাঃ অমৃতাভ জানা ও ডাঃ রাকিব আনোয়ার, জয়নগর-২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুব্রত মণ্ডল, প্রাণী বন্ধু ও এআই কর্মী, প্রাণী মিত্র, অন্যান্য জনপ্রতিনিধি এবং বিদ্যালয়ের শিক্ষকরা।
বক্তব্য রাখতে গিয়ে ডাঃ মিলন কুমার দাস জানান, প্রাণিসম্পদ বিকাশের মাধ্যমে পরিবারের অতিরিক্ত আয় বৃদ্ধি, স্বনিযুক্তি ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব। তিনি বৈজ্ঞানিক পদ্ধতিতে পশুপালন, নিয়মিত টিকাকরণ এবং উন্নত জাত ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। ডাঃ অমৃতাভ জানা প্রাণীস্বাস্থ্য রক্ষায় সচেতনতা শিবিরের গুরুত্ব তুলে ধরেন এবং ডাঃ রাকিব আনোয়ার ভ্রাম্যমাণ প্রাণী চিকিৎসালয়ের পরিষেবার প্রয়োজনীয়তার কথা বলেন। সুব্রত মণ্ডল জানান, হাঁস-মুরগি, গবাদি পশু ও ছাগল পালন প্রসার, সবুজ গোখাদ্যের বীজ বিতরণ এবং প্রশিক্ষণ প্রদানে জয়নগর–২ ব্লক উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। অনুষ্ঠান উপলক্ষে ‘কাউ র্যালি’ ও ‘ক্যাফ র্যালি’ আয়োজন করা হয়, যার মাধ্যমে গ্রামবাসীদের প্রাণী কল্যাণ, টিকাকরণ, পুষ্টি ও সঠিক ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করা হয়। শ্রেষ্ঠ দুধেল গরু ও বকনা বাছুরকেও পুরস্কৃত করা হয়।
প্রাণী স্বাস্থ্য শিবিরে তিন শতাধিক গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, কুকুর ও বিড়ালের স্বাস্থ্য পরীক্ষা, টিকাকরণ এবং চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে শতাধিক গরুর গোবর পরীক্ষা করে পরজীবী সংক্রমণ নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয়। এদিন কৃত্রিম প্রজনন কর্মী রবীন্দ্রনাথ তরফদার ও সুলতান মাহমুদ মোল্লা-কে তাঁদের উল্লেখযোগ্য কাজের স্বীকৃতিস্বরূপ সম্মানিত করা হয়। অনুষ্ঠানটি এলাকায় প্রাণিপালকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং প্রাণিসম্পদ উন্নয়ন কার্যক্রমে নতুন উৎসাহ জোগায়।








