ছেলেধরা সন্দেহে পুড়িয়ে খুনের চেষ্টার ঘটনায় বলাগড়ে ২৫ জন দোষীকে সাজা শোনালো চুঁচুড়ার ফার্স্ট ট্রাক কোর্ট
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলিঃ ছেলেধরা সন্দেহে পুড়িয়ে খুনের চেষ্টার ঘটনায় হুগলি জেলার বলাগড়ের ২৫ জন দোষীকে সাজা শোনালো চুঁচুড়ার ফার্স্ট ট্রাক কোর্ট। দোষীদের মধ্যে দুজনের যাবজ্জীবন এবং বাকিদের ৭ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। জানা যায়, গত ২০১৭ সালের ২১ জানুয়ারি বলাগড়ের আসানপুর গ্রামে একটি পরিবারের মা মেয়ে ও তাঁদের গাড়ির চালককে ছেলেধরা সন্দেহে মারধোর করার পাশাপাশি গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। এই অভিযোগের তদন্তে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে রণক্ষেত্রের চেহারা নেয়। এদিন পুলিশকে তীব্র আক্রমণ করা হয়। এমনকি তীরবিদ্ধ হন এক সিভিক ভলেন্টিয়ার। আহত হন আরও ১১ জন পুলিশ কর্মি।
দীর্ঘ আট বছর ধরে ফৌজদারি মামলা চলার পর গতকাল ২৫ জনকে দোষী সাব্যস্ত করে আদালত। আজ তাদের সাজা ঘোষণা করেন ফার্স্ট ট্রাক কোর্টের বিচারক পীযূষ কান্তি রায়। অভিযুক্ত গোপাল রায় ও পূর্নিমা মালিককে যাবজ্জীবন এবং বাকি ২৩ জনকে সাত বছর করে কারাদণ্ডের আদেশ দেন বিচারক। মুখ্য সরকারী আইনজীবী শংকর গাঙ্গুলী জানান, এই মামলায় সরকারী আইনজীবী জয়ন্ত সাহা মোট ২৭ জনকে সাক্ষী করান। তিনি আরও বলেন একটি মামলায় একসঙ্গে ২৫ জনের সাজা এক দৃষ্টান্ত তৈরি করল। পুরো মামলাটির তদন্তকারী পুলিশ আধিকারিক ছিলেন অলোক চট্টোপাধ্যায়।








