আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে জি-প্লটের আদিবাসী শিশুরা
নতুন পয়গাম, সুন্দরবন: শনিবার ২১ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সামিল হলো সুন্দরবন অঞ্চলের আদিবাসী শিশুরা। এদিন পাথরপ্রতিমা ব্লকের জি-প্লট দ্বীপে দাসপুর আদিবাসী অবৈতনিক বিদ্যালয় ও সুন্দরবন শিশু বিকাশ কেন্দ্র যৌথভাবে প্রভাত ফেরী করে সুন্দরবন শিশু বিকাশ কেন্দ্রে উপস্থিত হয়। স্কুল মাঠ প্রাঙ্গণে ‘অমর একুশে’ শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপনের পর মাতৃভাষার গর্ব নিয়ে সকল ভাষার প্রতি মর্যাদাজ্ঞাপন করার শিক্ষাকে বয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে মাতৃভাষার ইতিহাস সম্পর্কে আলোচনা করেন অবৈতনিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতনু পয়ড়া, শিক্ষক ব্যোমকেশ হুজাইত ও শিশু শিক্ষা কেন্দ্রের সম্পাদক বিকাশ বিশ্বাস । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক ও সমাজকর্মী নরেন্দ্রনাথ কুলে। তিনি বলেন “বিদ্যাসাগর, রবি ঠাকুর, শরৎচন্দ্র, নজরুলের ভাষা আমাদের ভাষা । সেই মাতৃভাষাই আমাদের বাঁচার আশা।” উদ্যোক্তাদের দাবি সুন্দরবনের এই প্রত্যন্ত দ্বীপ অঞ্চলে এধরনের কর্মসূচী এই প্রথম।স্কুলের ছাত্রছাত্রীদের কবিতা, গান ও নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সকলের মনে গভীর ছাপ ফেলেছে।








