ঘুঁটিয়ারীশরিফে পুলিশের সাফল্য: ২৪ চুরি যাওয়া মোবাইল উদ্ধার
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: আবারও বড়সড় সাফল্য পেল বারুইপুর পুলিশ জেলা। বর্তমান সময়ে মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে মোবাইল ফোন ওতোপ্রোতোভাবে জড়িয়ে থাকায় মোবাইল চুরির ঘটনাও বেড়েছে। এমন পরিস্থিতিতে চুরির একটি ঘটনার তদন্তে নেমে সাফল্য পেল জীবনতলা থানা-র ঘুঁটিয়ারীশরিফ পুলিশ ক্যাম্প। পুলিশ সূত্রে জানা গেছে, ক্যাম্পের ওসি তুহিন মন্ডল মোবাইল চুরির অভিযোগের তদন্ত করতে গিয়ে গোপন সূত্রে খবর পান। সেই খবরের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় ঘুঁটিয়ারীশরিফ রেলগেট এলাকা থেকে দুই সন্দেহভাজন যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে গ্রেফতার করা হয়।
ধৃতরা হল— খুরশিদ আলম সরদার (৩৪), বাড়ি বনমালিপুর চরকডাঙা এলাকায় এবং আবু জাফর সরদার (৩১), বাড়ি বনমালিপুর সরদার পাড়া এলাকায়। পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করেছে ২৪টি স্মার্টফোন, নগদ ৩১০০ টাকা, একটি সোনার আংটি এবং একটি ইয়ামা স্কুটি। বৃহস্পতিবার ধৃতদের আলিপুর আদালত-এ পেশ করা হয়। তদন্তকারী পুলিশ আধিকারিকরা ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করেছেন, যাতে তাদের জিজ্ঞাসাবাদ করে চুরি চক্রের সঙ্গে জড়িত অন্যদের সন্ধান পাওয়া যায়।








