মালদা জেলায় হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষা নির্বিঘ্নেই সম্পন্ন
উমার ফারুক, নতুন পয়গাম, মালদা: সোমবার মালদা জেলা জুড়ে নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের হাই মাদ্রাসা ফাইনাল,আলিম,ফাজিল পরীক্ষা,২০২৬। গত ২৯জানুয়ারি পরীক্ষা শুরু হয়েছিল। এদিন ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। মালদা জেলা শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, জেলায় ৩২টি পরীক্ষা কেন্দ্রে মাদ্রাসা পর্ষদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবছর জেলায় প্রায় ১৪হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এর মধ্যে হাই মাদ্রাসা ফাইনালে প্রায় ১১হাজার জন ,আলিম পরীক্ষায় ১৫০০জন এবং ফাজিল পরীক্ষায় ১৫০০জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। জেলায় পরীক্ষা ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলা শিক্ষা দপ্তরের পক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। জেলায় পরীক্ষা পরিচালনায় ডিএলএসি টিম সক্রিয় ভূমিকা পালন করে। সেইসঙ্গে পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত আধিকারিক,শিক্ষক শিক্ষিকা, নিরাপত্তা কর্মী সকলের সম্মিলিত প্রচেষ্টায় পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। এই প্রসঙ্গে মালদা জেলা বিদ্যালয় পরিদর্শক(মাধ্যমিক) মৃন্ময় রায় বলেন, জেলায় পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের হাই মাদ্রাসা ফাইনাল,আলিম,ফাজিল পরীক্ষা ২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষা নিয়ে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নি। এদিন ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা দিয়ে পরীক্ষার্থীরা হাসি মুখে বাড়ি ফিরে গেছে।








