দিল্লিতে শাহী বৈঠকে বিমল গুরুং, রোশন গিরি বিধানসভা ভোটে পাহাড়ে আসন রফার পথে বিজেপি?
নতুন পয়গাম, নয়াদিল্লি: আসন্ন বিধানসভা ভোটের কথা মাথায় রেখে দার্জিলিংয়ে গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে সমঝোতার পথে কি এগোচ্ছে বিজেপি। বিমল গুরুং ও রোশন গিরির সঙ্গে বৃহস্পতিবার দিল্লিতে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বৈঠকের নির্যাস তেমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। তাদের অনুমান, জিজেএম-এর সঙ্গে জোট করে পাহাড়ে ভোটে লড়ার চেষ্টা করছে বিজেপি। এতে রাজ্যের শাসকদলকে ধাক্কা দেওয়া যাবে বলেই মনে করছে পদ্মশিবির।
উল্লেখ্য, শেষবার লোকসভা নির্বাচনেও বিমল-রোশনদের সঙ্গে সমঝোতা করেছিল বিজেপি। এবারও হয়ত সেভাবেই বিধানসভা নির্বাচনেও বিজেপির ভরসা সেই বিমল গুরুং। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে তেমনই ইঙ্গিত মিলেছে। বিমলের গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থনে অথবা জোট করে বিধানসভা ভোটে লড়ার কথা ভাবছে বিজেপি। এই মর্মে অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, বিমল গুরুং এবং রোশন গিরি।
সূত্রের খবর, গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে বিজেপির সমঝোতা একরকম পাকা হয়েছে শাহী বৈঠকে। জানা গিয়েছে, দার্জিলিংয়ের তিনটি আসনের মধ্যে কালিম্পং থেকে লড়তে চাইছেন খোদ বিমল গুরুং। আবার দার্জিলিং আসনে লড়তে চান ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট এর নেতা অজয় এডওয়ার্ড। এবার কার্শিয়াং থেকে লড়তে চাইছেন জিএনএলএফ নেতা নীরজ জিম্বা। কিন্তু দার্জিলিং ছাড়লেও কার্শিয়াং বিজেপি আদৌ ছাড়বে বলে মনে হয় না। বিতর্ক এড়াতে আপাতত এবিষয়ে মুখে কুলুপ এঁটেছে ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট ও জিএনএলএফ।
অন্যদিকে, দিল্লির শাহী বৈঠক নিয়ে বিজেপিকে বিঁধেছেন অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। এই দলের মুখপাত্র শক্তিপ্রসাদ শর্মার অভিযোগ, পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের নামে সশস্ত্র আন্দোলনের পর পাহাড়ে বিমল গুরুং ও তার দল অস্তিত্ব সংকটে ভুগছে। গত পঞ্চায়েত এবং পুরভোটে মোর্চা কল্কে পায়নি। তাই বিধানসভা নির্বাচনের আগে ফাটকা খেলতে নেমেছেন গুরুং।








