হুমায়ুনের বাবরি মসজিদ নির্মাণের সূচনা, ১২০০ কণ্ঠে কোরান পাঠ
নতুন পয়গাম, বেলডাঙা: মুর্শিদাবাদের বেলডাঙায় বুধবার আনুষ্ঠানিকভাবে শুরু হল প্রস্তাবিত বাবরি মসজিদের নির্মাণকাজ। সূচনা উপলক্ষে আয়োজিত হয় ১২০০ কণ্ঠে পবিত্র কোরান পাঠের বিশেষ ধর্মীয় কর্মসূচি। সকাল থেকেই নির্মাণস্থল চত্বরে ভিড় জমাতে থাকেন বহু মানুষ। গোটা এলাকা ধর্মীয় আবহে মুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভরতপুরের বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। তিনি নির্মাণস্থলে পৌঁছে ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন এবং উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি জানান, আগামী দু’বছরের মধ্যেই মসজিদের নির্মাণকাজ সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। তাঁর কথায়, “এটি সম্পূর্ণ ধর্মীয় ও সামাজিক উদ্যোগ। মানুষের বিশ্বাস ও আবেগের জায়গা থেকেই এই নির্মাণকাজ শুরু হয়েছে।”
উল্লেখ্য, গত বছরের ৬ ডিসেম্বর বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা করেন হুমায়ুন কবীর। সেই ঘোষণার পর থেকেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব বাড়ে। দলবিরোধী কার্যকলাপের অভিযোগে তাঁকে সাসপেন্ড করা হলেও মসজিদ নির্মাণের সিদ্ধান্তে তিনি অনড় থাকার কথা একাধিকবার প্রকাশ্যে জানিয়েছেন। এদিনের কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল সমবেত কোরান পাঠ। নারী-পুরুষ, যুবক-প্রবীণ—সব বয়সের মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, বেলডাঙায় এত বড় পরিসরের ধর্মীয় আয়োজন বিরল।
পাশাপাশি এদিন থেকেই শুরু হয়েছে ‘বাবরি যাত্রা’। উদ্যোক্তাদের দাবি, নদিয়ার পলাশি থেকে শুরু হয়ে উত্তরবঙ্গ পর্যন্ত এই যাত্রা বিস্তৃত হবে। বিভিন্ন জেলায় সভা ও জনসংযোগের মাধ্যমে সমর্থন আদায়ই মূল লক্ষ্য। সমগ্র অনুষ্ঠান ঘিরে এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল। প্রশাসনের নজরদারির মধ্যেই শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।







