রসুলপুরে গুণীজন সংবর্ধনা ও ‘ভোর’ পত্রিকার নতুন সংখ্যা প্রকাশ
নতুন পয়গাম, জুনাইশা করিম, পূর্ব বর্ধমান: সাহিত্য ও সংস্কৃতি চর্চার এক অনন্য উদ্যোগের সাক্ষী থাকল বাঁকুড়া জেলার রসুলপুর। গত ৮ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার ভোর প্রকাশনীর উদ্যোগে এবং অনুভব আমেদের সৌজন্যে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি ‘ভোর’ পত্রিকার ১১তম বর্ষের দ্বিতীয় সংখ্যা প্রকাশিত হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এক দশকেরও বেশি সময় ধরে রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষা ও সংস্কৃতি অনুরাগীদের ব্যক্তিগত উদ্যোগে সম্মাননা প্রদান করে আসছেন অনুভব আমেদ। এদিন রাজ্যের বিভিন্ন জেলা ও ভিনরাজ্য থেকে প্রায় আড়াইশো সাহিত্যপ্রেমী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ‘রত্ন পুরস্কার’ পান পি.এইচ.ডি গবেষক আরিবা নাজ চিশতী (রাজস্থান), শিল্পপতি শ্রী শ্যামসুন্দর সেন (পূর্ব বর্ধমান), সঞ্চালক অমল কুমার মুখোপাধ্যায় এবং সাংবাদিক দুর্গাপ্রসাদ মুখোপাধ্যায়। বিশেষ স্মারক সম্মাননায় ভূষিত হন আকাশবাণী কলকাতার বাচিক শিল্পী স্মৃতিপর্ণা সাহা, চিত্রশিল্পী সেখ মিঠুন, শিক্ষিকা আল্পনা অধিকারী, সমাজকর্মী সেখ নুরুল আমিন, ব্যবসায়ী পদ্মা গড়াই, তাহমিনা খাতুন, সৈয়দ ফজলুর রহমান ও কানাই লাল বিশ্বাস।
এছাড়া গবেষক, অধ্যাপক, কবি ও শিল্পীদের উল্লেখযোগ্য উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। উপস্থিত ছিলেন ড. রমজান আলি, অধ্যাপক জাহির আব্বাস, ড. শর্মিষ্ঠা চক্রবর্তী, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক ঈদ মুহাম্মদ, শেখ মহম্মদ আশরাফুলসহ আরও অনেকে। অনুষ্ঠানে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বার্তা তুলে ধরা হয়। শ্রী শ্যামাপ্রসাদ চৌধুরীর আশীর্বাদে এবং সেখ জাহাঙ্গীর ও দেবলীনা সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে বিকেল ৩ টায়।








