মুরারই ১ নম্বর ব্লকে ‘মায়ের আঁচল’ স্বাস্থ্য পরিষেবা শিবির, দূরদূরান্ত থেকে রোগীদের ভিড়
নতুন পয়গাম, খান সাহিল মাজহার, বীরভূম: মঙ্গলবার মুরারই ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস পার্টি অফিসের প্রাঙ্গণে আয়োজিত হল ‘মায়ের আঁচল’ প্রকল্পের এক বিশেষ স্বাস্থ্য পরিষেবা শিবির। আব্দুর রহমান ট্রাস্টের উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়। ট্রাস্টের পক্ষ থেকে আব্দুর রহমানের পুত্র সঞ্জীবুর রহমান (বাপ্পা) তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এই কর্মসূচি পরিচালনা করেন। এদিন শিবিরে বহু দূরদূরান্ত থেকে রোগীরা চিকিৎসা করাতে আসেন। বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত থেকে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়। সাধারণ মানুষের সুবিধার্থে চিকিৎসা ও ওষুধ বিতরণের সুব্যবস্থা ছিল।
এই কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন মুরারই ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষ এবং জেলা পরিষদ সদস্য প্রদীপ কুমার ভকত। তাঁদের উপস্থিতিতে শিবির ঘিরে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকদের দাবি, সাধারণ মানুষের পাশে থেকে নিয়মিত এমন স্বাস্থ্য পরিষেবা শিবিরের আয়োজন করা হবে আগামী দিনেও।








