শুধু কারাবাস নয়, হুগলি জেলা সংশোধনাগারে বন্দীদের জন্য চালু হল ‘অভিন্ন’ প্রকল্প
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলিঃ ওরা সমাজের আর পাঁচজন মানুষের থেকে আলাদা নয়, ওদের ভুলের জন্য শাস্তি হতে পারে, কিন্তু জীবনের জন্য দরকার আরেকটি সুযোগ। এই বিশ্বাসকে সামনে রেখেই হুগলি জেলা সংশোধনাগারে চালু হল বিশেষ প্রকল্প ‘অভিন্ন’।তাদেরই তৈরি হস্তশিল্প বিক্রির বিপণি কেন্দ্র উদ্বোধন হল মঙ্গলবার হুগলি জেলা সংশোধনাগারের সম্মুখে। পশ্চিমবঙ্গ সরকারের সংশোধন প্রশাসন বিভাগের উদ্যোগে এই প্রকল্পের মাধ্যমে বন্দীদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। এখন সংশোধনাগার মানেই কেবল চার দেওয়ালের মধ্যে বন্দী জীবন নয়, বরং মানসিক পরিবর্তন, আত্মবিশ্বাস গড়ে তোলা ও ভবিষ্যতের জন্য তাদেরকে প্রস্তুত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ‘অভিন্ন’ প্রকল্পে বন্দীদের মানসিক ও সামাজিক পুনর্বাসনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যদি কর্মসংস্থান ও প্রশিক্ষণের মাধ্যমে বন্দীদের স্বনির্ভর করে সংশোধনের সুযোগ দেওয়া হয়, তাহলে তারা সমাজের মূল স্রোতে ফিরে আসবে। মুক্তির পর যাতে তারা যাতে সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারেন, সেই পথ তৈরি করতেই এই মানবিক উদ্যোগ।
মঙ্গলবার অভিন্ন প্রকল্প চালুর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানির্দেশক (কারা) সিদ্ধিনাথ গুপ্তা, অতিরিক্ত মহানির্দেশক (কারা) লক্ষ্মীনারায়ণ মিনা। তিনি ঘোষণা করেন সংশোধনাগার চত্বরে একটি ক্যান্টিনও চালু করা হবে, যেখানে কাজ করবেন সাজাপ্রাপ্ত বন্দীরাই। ওই ক্যান্টিনে বন্দীদের তৈরি বিভিন্ন উৎপাদিত সামগ্রীও খাদ্যসামগ্রী বিক্রি করা হবে। এর মাধ্যমে বন্দীরা যেমন কাজ শেখার সুযোগ পাবেন, তেমনই নিজেদের পরিশ্রমের মাধ্যমে আত্মসম্মান ফিরে পাবেন। উল্লেখ্য, সাজাপ্রাপ্ত বন্দীদের শুধু কারাবাস নয়, তাদের অপরাধের দোষ সংশোধন করে দেওয়ার জন্য আগেই কারাগারের পরিবর্তে সংশোধনাগার চালু হয়েছে। তাই হুগলি জেলা সংশোধনাগারে বন্দীদের জন্য মঙ্গলবার চালু হল ‘অভিন্ন’ প্রকল্প।








