এসআইআর: রাজ্যের ডিজিকে সুপ্রিম-শোকজ অশান্তি রোধে পুলিশের ভূমিকা, হলফনামা চাইল শীর্ষ কোর্ট
নতুন পয়গাম, কলকাতা ও নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে বিশেষ নিবন্ধন সংশোধন (SIR) প্রক্রিয়া চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পান্ডেকে শোকজ করে ব্যক্তিগতভাবে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ।
গত ৪ নভেম্বর থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। প্রথম থেকেই এই ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে শুনানি পর্ব শুরুর পর রাজ্যের একাধিক জায়গা থেকে অশান্তির অভিযোগ সামনে আসে। কোথাও বিডিও অফিসে ভাঙচুর, কোথাও আধিকারিকদের হুমকির অভিযোগ ওঠে। একাধিক জায়গায় শাসক দলের জনপ্রতিনিধিদের নাম জড়ায়। এসব ঘটনার কথা সুপ্রিম কোর্টে তুলে ধরে নির্বাচন কমিশন।
কমিশনের দাবি, হুমকি ও ভয় দেখিয়ে এসআইআর প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করা হয়েছে। অথচ বহু ক্ষেত্রে এফআইআর পর্যন্ত দায়ের হয়নি। এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করে শীর্ষ আদালত রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ডিজিকে শোকজ নোটিস জারি করে। ডিজিকে ব্যক্তিগত হলফনামা দিয়ে জানাতে বলা হয়েছে, কেন এই ঘটনায় রাজ্যের পুলিশ-প্রশাসন যথাযথ ব্যবস্থা নেয়নি।
একই সঙ্গে আদালত স্পষ্ট জানিয়েছে, এসআইআর সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নির্বাচনী নিবন্ধন আধিকারিকরাই (ইআরও)। ১৪ ফেব্রুয়ারির পর তাঁদের আরও এক সপ্তাহ সময় দেওয়া হবে নথি যাচাইয়ের জন্য। এসআইআর প্রক্রিয়ায় কোনও ধরনের বাধা বরদাস্ত করা হবে না বলেও রাজ্যকে কড়া বার্তা দিয়েছে আদালত। রাজ্য পুলিশের ডিজি সুপ্রিম-শোকজের জবাবে কী ব্যাখ্যা দেন এবং সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানিতে কী অবস্থান নেয় — সেটাই এখন দেখার।








