মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা চলাকালীন অসুস্থ চার পরীক্ষার্থী
নতুন পয়গাম, প্রীতিময় সরখেল, ধূপগুড়ি: মাধ্যমিক পরীক্ষার অঙ্ক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন চারজন পরীক্ষার্থী। সোমবার পরীক্ষার সময় ধূপগুড়ি মহকুমার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে অসুস্থ অবস্থায় চার পরীক্ষার্থীকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সোমবার ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। অঙ্ক বিষয়টি নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে স্বাভাবিকভাবেই অতিরিক্ত মানসিক চাপ ও আতঙ্ক কাজ করে। সেই চাপের মধ্যেই পরীক্ষাকালীন অসুস্থ হয়ে পড়েন চারজন পরীক্ষার্থী। হাসপাতালে আনা পরীক্ষার্থীদের অধিকাংশেরই শ্বাসকষ্ট ও পেটব্যথাজনিত সমস্যা দেখা যায় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
অসুস্থ পরীক্ষার্থীরা হলেন– অপর্ণা রায়, মল্লিকপাড়া বিদ্যানিকেতন হাই স্কুলের ছাত্রী, যিনি বৈরাতীগুড়ি হাই স্কুলে পরীক্ষা দিচ্ছিলেন। মোনালিসা বেগম, আংড়া ভাষা বংশী বদন হাই স্কুলের ছাত্রী, পরীক্ষা কেন্দ্র ছিল রাজা মোহন হাই স্কুল। শ্রাবণী মণ্ডল, জোড়াপানি হাই স্কুলের ছাত্রী, যিনি শালবাড়ি হাই স্কুলে পরীক্ষা দিচ্ছিলেন। এছাড়া অর্পিতা রায়, গধেয়ারকুঠি হাই স্কুলের ছাত্রী, ডাউকিমারি ডিয়ান হাই স্কুলে পরীক্ষা দিচ্ছিলেন। চারজনকেই প্রথমে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শুরু করেন। তবে অপর্ণা রায়, মোনালিসা বেগম ও শ্রাবণী মণ্ডলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের জলপাইগুড়ি জেলা হাসপাতালে রেফার করা হয়। অন্যদিকে, অর্পিতা রায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের বেডে বসেই পুলিশি পাহারায় তাঁর অঙ্ক পরীক্ষা সম্পন্ন করেন। গোটা ঘটনাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের মানসিক চাপ ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকেরা।








