‘আলোর সন্ধানে’-র মঞ্চে দ্বিতীয়বার সেরা প্রাবন্ধিক মহম্মদ মফিজুল ইসলাম
নতুন পয়গাম, স্বরূপনগর: উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ব্লকের বালকী হাইস্কুল সংলগ্ন মাঠে রবিবার (৮ ফেব্রুয়ারি ২০২৬) মহা সাড়ম্বরে প্রকাশিত হলো আনারুল হক সম্পাদিত ‘আলোর সন্ধানে’ পত্রিকার নববর্ষ সংখ্যা। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল পত্রিকার নববর্ষ সংখ্যায় সেরা প্রাবন্ধিক হিসেবে মহম্মদ মফিজুল ইসলামের স্মারক সম্মাননা লাভ। উল্লেখযোগ্যভাবে, এটি তাঁর দ্বিতীয়বারের মতো সেরা প্রাবন্ধিক পুরস্কার অর্জন, যা সাহিত্যপ্রেমী মহলে বিশেষ আলোড়ন সৃষ্টি করেছে। তাঁর হাতে পুরস্কারের মানপত্র তুলে দেন পত্রিকার সহ-সম্পাদক সরবত আলি মন্ডল, মো: রেজাউল মণ্ডল এবং বিশিষ্ট অ্যাডভোকেট ও বেঙ্গল মাইনরিটি ফোরামের সভাপতি সেখ মঈনুল হক।
পুরস্কার গ্রহণের পর মহম্মদ মফিজুল ইসলাম বলেন, “এই সম্মান আমার একার নয়– এটি আমার পাঠক, শুভানুধ্যায়ী এবং সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত সকল মানুষের প্রেরণার ফল। ‘আলোর সন্ধানে’ পত্রিকার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দ্বিতীয়বার সেরা প্রাবন্ধিক হিসেবে এই স্বীকৃতি আমাকে আরও বেশি দায়বদ্ধ করল। আগামী দিনেও সমাজ-সত্য ও মানবিকতার পক্ষে কলম চালিয়ে যাওয়ার শপথ নিলাম।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজুল ইসলাম ঢালী। প্রধান অতিথি ছিলেন শাহাদাত হোসেন, অরূপ পান্তী। এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক কবি-সাহিত্যিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। বসে আঁকো প্রতিযোগিতা, বই প্রকাশ, কবিতা পাঠ ও সাহিত্য আলোচনা মিলিয়ে স্বরূপনগরে এক মনোজ্ঞ সাহিত্য উৎসবের আবহ তৈরি হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাকফুর রহমান ও অপূর্ব মণ্ডল।








