রাজ্য মানবাধিকার সম্মেলন থেকে ধর্মনিরপেক্ষতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার বার্তা
নতুন পয়গাম, মেদিনীপুর: সাম্প্রদায়িক ও রাজনৈতিক বিভাজন প্রতিহত করতে রবীন্দ্রনাথ, নেতাজীর আদর্শে মানবাধিকার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মানবাধিকার সংগঠন সিপিডিআরএস নেতৃত্ব। ৭-৮ই ফেব্রুয়ারি মেদিনীপুর শহরে কেডি কলেজে সংগঠনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সারা রাজ্য থেকে চার শতাধিক মানবাধিকার কর্মী সম্মেলনে যোগ দেন। সম্মেলন থেকে আইনজীবী শুভ্রাংশু চাকী সভাপতি, সৌম্য সেন কার্যকরী সভাপতি ও রাজকুমার বসাক সম্পাদক নির্বাচিত হয়েছেন। এই সম্মেলন সম্পর্কে সিপিডিআরএস পশ্চিমবঙ্গ সিপিডিআরএস পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক রাজকুমার বসাক জানান “বর্তমানে দেশে এক অসহিষ্ণু বাতাবরণ। প্রতিনিয়ত সাধারণ মানুষের কন্ঠরোধ ও অধিকার হরণের ঘটনা ঘটছে। এরই বিরুদ্ধে মানবাধিকার আন্দোলনকে শক্তিশালী করতে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়।” এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কে শ্রীধর, সুজাত ভদ্র,উপদেষ্টা সান্টু গুপ্ত। সম্মেলনের প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মানবাধিকার আন্দোলনের বিশিষ্ট নেতৃত্ব সুজাত ভদ্র বলেন “বর্তমান সময়ে সিপিডিআরএস একমাত্র সংগঠন যারা ঘোষিত ভাবে ধর্মনিরপেক্ষতার কথা বলে। বর্তমান সময়ে মানবাধিকার আন্দোলনে সিপিডিআরএস কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ” ঐতিহ্যবাহী মেদিনীপুর শহরে এই ধরনের মানবাধিকার কর্মসূচী সাধারণ মানুষের মধ্যে ছাপ ফেলেছে।








