কুলতলিতে তৃণমূল–বিজেপি সংঘর্ষ, গুরুতর আহত দু’জন
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি:
বিধানসভা ভোটের ঘোষণার আগেই রাজনৈতিক উত্তেজনায় কাঁপল কুলতলির চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের সিকিরহাট এলাকা। রবিবার তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষে দু’জন গুরুতর আহত হন। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার জেরে দু’পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্করের অভিযোগ, মৎস্যজীবীদের নিয়ে বিজেপির একটি সভা চলাকালীন আচমকা তৃণমূল কংগ্রেসের কর্মীরা হামলা চালায়। তাঁর দাবি, বিনা প্ররোচনায় এই হামলার জেরেই সংঘর্ষের ঘটনা ঘটে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা পবন ভূঁইয়ার পাল্টা দাবি, এলাকায় তৃণমূলের দলীয় পতাকা ঢেকে বিজেপির পতাকা লাগানো হচ্ছিল। এর প্রতিবাদ জানাতে গেলে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য কমলেশ গায়েনকে মারধর করা হয়। এর পরেই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে বলে তাঁর অভিযোগ।
ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য কমলেশ গায়েন আহত হয়েছেন। অপরদিকে গুরুতর আহত হন বিজেপি কর্মী সুজিত সরকার। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কুলতলি থেকে তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।








